ট্রাকের চাকায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2021-06-12 ইং
ট্রাকের চাকায় কিশোরের মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
চালকের আসনে হেল্পার, চুয়াডাঙ্গা-ঝিনাইদহে সড়কে দুর্ঘটনা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিন হোসেন (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের মুন্না মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় শাহিনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত শাহিন হোসেন সদর উপজেলার জাফরপুর মসজিদপাড়ার আরিফ হোসেনের ছেলে ও সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। জানা যায়, গতকাল দুপুরে নিজ বাইসাইকেলযোগে নিজ বাড়ি থেকে চুয়াডাঙ্গা বড় বাজারের উদ্দেশ্যে বের হয় শাহিন। এদিকে সরোজগঞ্জ বাজারের আসাদুল স্টোরের সত্ত্বাধিকারী আসাদুল হকের একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট ১১-০৮৭৮) সাতগাড়ি মোড়ে লবন আনলোড করে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। পথের মধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ শড়কের মুন্না মোড়ের অদূরে পৌঁছালে ট্রাকটি শাহিনের বাইসাইকেলে ধাক্কা দেয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হয় শাহিন। স্থানীয় ব্যক্তিরা দ্রুত শাহিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক শাহিনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে অবজারভেশনে রাখেন এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রেফার্ড করেন। তবে বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়। মুন্না মোড় এলাকার একজন প্রত্যাক্ষদর্শী বলেন, ‘সাইকেলটি অল্প গতিতে যাচ্ছিল। এসময় একটি ট্রাক সাইকেলটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে। এসময় ট্রাকটি পালানোর চেষ্টা করলে ট্রাকের পিছনের চাকার নিচে সাইকেল আরোহী পিষ্ট হয়। আমরা দ্রুত রক্তাক্ত জখম অবস্থায় ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসি।’ অন্য এক সূত্রে জানা যায়, সাতগাড়ি মোড়ে লবন আনলোড করে ট্রাটের চালক তাঁর হেল্পার রিয়াজুল ইসলামের নিকট ট্রাকটি সরোজগঞ্জ বাজারের আসাদুল স্টোরে পৌঁছে দেওয়ার জন্য বলে। অদক্ষ হেল্পার রিয়াজুল ট্রাক নিয়ে সরোজগঞ্জ বাজারে যাওয়ার পথের মধ্যে মুন্না মোড়ের নিকট শাহিনের বাইসাইকেলে ধাক্কা দেয়। পরে সদর থানা পুলিশ রিয়াজুলকে আটক করে। আটক রিয়াজুল আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের বাসিন্দা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় রোগীর দুই পায়ের হাড়ে তিনটি ভাঙাসহ গুরুতর জখম হয়। জখম স্থানে অতিরিক্ত রক্তক্ষরণও হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যত দ্রুত সম্ভব রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পূর্বেই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাকটির হেল্পারকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)