ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সেলিম এন্ড ব্রাদার্সের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ, কাস্টমসের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার বড় বাজার ও পুরাতন গলিতে কাস্টমস, এক্সচাইজ ও ভ্যাট অফিসের অভিযানে বিপুল পরিমাণ সিগারেট, বিড়ি ও জর্দা জব্দ করা হয়েছে। তবে কী কারণে অভিযান চালিয়ে সিগারেট-বিড়ি ও জর্দাগুলো জব্দ করা হয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি উপস্থিত কাস্টমস কর্মকর্তা। গতকাল সোমবার রাত ৮টার দিকে শহরের পুরাতন গলির সেলিম এন্ড ব্রাদার্সের দোকান ও মুক্তিপাড়ার গোডাউনে অভিযান চালিয়ে ওই সকল সিগারেট-বিড়ি ও জর্দাগুলো জব্দ করা হয়।
জানা যায়, গতকাল সন্ধ্যার পর চুয়াডাঙ্গার কাস্টমস, এক্সচাইজ ও ভ্যাট অফিসের ডেপুটি কমিশনার তপন চন্দ্রের নেতৃত্বে চুয়াডাঙ্গা কাস্টমসের একটি দল পুরাতন গলির ব্যবসায়ী সেলিম এন্ড ব্রার্দাসের দোকান ও মুক্তিপাড়ার গোডাউনে অভিযান চালান। এসময় সরকারি ট্যাক্স ফাঁকির অভিযোগ তুলে এক ট্রাক নাসির টোব্যাকো কোম্পানির টপটেন ব্রান্ডের সিগারেট, নাসির বিড়িসহ বিশ্বাস কোম্পানির বিপুল পরিমাণ জর্দা জব্দ করা হয়। পরে ওই সকল সিগারেট, বিড়ি ও জর্দাসহ জব্দকৃত মালামাল ছোট পিকআপে করে কয়েক ধাপে চুয়াডাঙ্গা কাস্টমস অফিসে নিয়ে যাওয়া হয়। তবে, কী কারণে অভিযানসহ সিগারেট-বিড়ি ও জর্দাগুলো জব্দ করা হচ্ছে, সে বিষয়ে উপস্থিত কাস্টমস কর্মকর্তা তপন চন্দ্রকে একাধিকবার জিজ্ঞাসা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে নাসির টোব্যাকোর চুয়াডাঙ্গার মার্কেটিং অফিসার আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে সেলিম এন্ড ব্রাদার্সের মালিক সেলিম হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, কয়েক যুগ ধরে তাঁরা চুয়াডাঙ্গায় সুনামের সাথে ব্যবসা করছেন। কয়েকটি কোম্পানির ডিলারশিপ নেওয়া আছে তাঁদের। নাসির টোব্যাকো ও বিশ্বাস কোম্পানির চুয়াডাঙ্গার ডিলার তাঁরা। গতকাল সন্ধ্যার পর এক ট্রাক মাল আসলে হঠাৎ কাস্টমস কর্মকর্তারা এসে এই মালের ট্যাক্স ফাঁকিসহ বিভিন্ন অভিযোগ তুলে মালামালগুলো জব্দ করে কাস্টমস অফিসে নিয়ে যান।
