ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরী গ্রাম থেকে ধুলো-বালি মাখা অবস্থায় যশোরের ব্যবসায়ী শহিদুল ইসলামকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে তাঁকে স্থানীয় জনগণের সহায়তা নিয়ে পুলিশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের হাতে তাঁকে সোপর্দ করে পুলিশ। শহিদুল ইসলাম যশোর জেলার চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আনছার আলীল ছেলে।
জানা গেছে, গত রোববার ভোরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অপহরণের শিকার হন শহিদুল ইসলাম। তাঁকে পিছন দিক থেকে কাপড় দিয়ে বেঁধে অপহরণ করা হয়। পরে গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি গড়াইটুপি ইউনিয়নের তেঘরী মাঠে ধুলো-বালি মাখা অবস্থায় জহিরুল নামের একজনের বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে মোবাইলে তাঁর আত্মীয়-স্বজনকে খবর দিলে তাঁর চাচা ও শ্বশুর আসেন। পরে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের সদস্যদের জিম্মায় ছেড়ে দেন।
এবিষয়ে তিতুদহ ক্যাম্পের এসআই আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনা শোনার পরে আমরা গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলে তাঁকে জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তবে অপহরণ কি অন্য বিষয় সেটি রহস্যময়।’
