ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবিতপুর গ্রামে ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় সেলিম হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে তাঁকে সুবিতপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। সেলিম ওই গ্রামের নুর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে শিশুটির মা কালীগঞ্জ থানায় মামলা করেন। এদিকে, শিশু ধর্ষণের প্রতিবাদ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঝিনাইদহ শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতকি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
মানববন্ধন কর্মসূচি শেষে এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি শান্ত জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টু, মহিলা সংস্থার চেয়ারম্যান দীপ্তি রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক অমিয় মজুমদার অপু, নির্বাহী সদস্য এম এ সালাম, বিহঙ্গের শাহীনুর আলম লিটন, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি রুবেল পারভেজ, সাধারণ সম্পাদক তারেক হোসেন পল্লব, উই-এর নির্বাহী পরিচালক শরিফা আক্তারসহ অন্যরা।
বক্তারা বলেন, কালীগঞ্জের সুবিতপুর গ্রামে প্রতিবেশী সেলিম হোসেন ওই শিশুকে পাশবিক নির্যাতন করে। বিষয়টি জানার পর পরিবারের লোকজন স্থানীয় চেয়ারম্যান মহিদুল ইসলাম মণ্টুকে জানালে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ৮০ হাজার টাকায় রফা হয়। সে টাকাও ভুক্তভোগী পরিবার পায়নি। বরং চেয়ারম্যান শিশুটির যৌনাঙ্গে হাত দিয়ে দ্বিতীয়বার শিশুটিকে নির্যাতন করেছে। এ ঘটনায় চেয়ারম্যান মহিদুল ইসলাম মণ্টুরও শাস্তির দাবি জানান বক্তারা।
