প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটিতে আওয়ামী লীগের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ মামলায় মহিদুল ইসলাম (২২) ও মুকুল হোসেন (৪০) নামের ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মহিদুল ইসলাম উপজেলার সাহারবাটি গ্রামের রেজাউল ইসলামের ছেলে ও একই এলাকার নেক মোহাম্মদের ছেলে মুকুল হোসেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রহমান সাংবাদিকদের জানান, মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের চারচারা বাজার এর ওপরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালীন সময়ে ৫টি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৪ এপ্রিল দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা করে। এতে ৫৭ জনকে আসামি করে দুই পক্ষ গাংনী থানায় মামলা করে। পরে এক পক্ষের বেশ কয়েকজন আসামি আদালতে আত্মসমর্পণ করেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
