ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনার ঝাঁঝাঁডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সেই সাথে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আরও তিন মাদক ব্যবসায়ীকে পলাতক আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বুধবার বেলা পৌনে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান কাজলের নের্তৃত্বে থানার এসআই হারুন অর রশিদ ও এএসআই আনোয়ার হোসেন ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার মৃত মিনাজ উদ্দিনের ছেলে জামায়াত আলীর বসত বাড়িতে। এসময় জামায়াত আলীর বসতঘর হতে ৩ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করা হয় জামায়াত আলী (৫০)সহ একই পাড়ার মুক্তার হোসেনের ছেলে মিণ্টু মিয়া (৩৪) ও মুনছুর আলীর ছেলে মোজাফফর হোসেনকে (২৫)। এসময় পুলিশ মাদক উদ্ধার ও আসামি আটকের সময় তাদের মাদক ব্যবসা কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক দেখিয়ে মামলার এজাহারে মোটরসাইকেলটি জব্দ দেখিয়ে আরও ৩ জনকে পলাতক আসামি করে মামলা দায়ের করেছে।
