ছবির ক্যাপশন:
মুজিবনগরের পৃথক দুটি সড়কে বসানো হয়েছে ব্লক, স্বাস্থ্যবিধি মানাতে বাড়ানো হয়েছে নজরদারি
বিনা প্রয়োজনে চলাচলকারীদের নিরুৎসাহিত করা হবে -ইউএনও সুজন সরকার
প্রতিবেদক, মুজিবনগর:
ভারতীয় সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা ও মেহেরপুরে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় রাস্তা-ঘাটে চলাচলে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত এলাকার সাথে যাতায়াত সীমিত করার লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর-আটকবর সড়কের মহাজনপুর কলেজের সামনে এবং মুজিবনগর-দর্শনা সড়কের ঢোলমারীতে রাস্তায় ব্লক বসানো হয়েছে। দুটি জেলার মধ্যে চলাচলকারীদের স্বাস্থ্যবিধি মেনে চলাচল নিশ্চিত করবে এখানে নিয়োজিত গ্রাম পুলিশ, পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবীরা। বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার।
মুজিবনগর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে দামুড়হুদা উপজেলা হতে মুজিবনগর উপজেলার প্রবেশপথসমূহে নজরদারি বৃদ্ধি ও যাতায়াত সীমিত করার লক্ষ্যে রাস্তায় ব্লক দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশক্রমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম ব্লক স্থাপন কার্যক্রম নিশ্চিত করেছেন। বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর তত্ত্বাবধানে এ ব্লক কার্যক্রম পরিচালিত হবে।
জানা গেছে, দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে গেল দুই সপ্তাহ যাবত বহু মানুষ ভারত থেকে ফিরে কোয়ারেন্টিনে রয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন। এছাড়াও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় বর্তমানে ২৪ জন করোনাভাইরাস পজিটিভ। যারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এদের মধ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ১৪ জন। দামুড়হুদা উপজেলার শেষ প্রান্তের চন্দ্রবাস, হরিরামপুর, হুদাপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকেন। ফলে দামুড়হুদা উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির ফলে তা মুজিবনগর উপজেলার মানুষের মধ্যে সংক্রমিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার বলেন, সড়কের ব্লক দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিনা প্রয়োজনে চলাচলকারীদের নিরুৎসাহিত করা হবে। আর স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করবেন এখানে দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীরা। তাঁদেরকে সহযোগিতার জন্য পুলিশের কয়েকজন সদস্যও থাকবেন।
