ছবির ক্যাপশন:
দামুড়হুদায় করোনা প্রতিরোধে উপজেলা কমিটির সভায় আলী মুনছুর বাবু
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে বেশ কয়েকটি গ্রামে ২৫ জন ব্যক্তি করোনাভাইরাসের আক্রান্ত হওয়ায় উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
প্রধান অতিথির বক্তব্যে আলী মুনছুর বাবু বলেন, সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি প্রয়োজন না হলে বাইরে বের হওয়া যাবে না। গ্রামে গ্রামে গিয়ে করোনার নমুনা সংগ্রহ করতে হবে। জনগণকে অবশ্যই সচেতন হতে হবে। তিনি আরও বলেন, করোনাভাইরাস যাতে মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে, তার সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ এনামুল হক ইনু, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাকিরিয়া আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা জামাল শুভ, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে মোবারকসহ দামুড়হুদা প্রেসক্লাব ও দর্শনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
