সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ৬ বিজিবির সপ্তাহব্যাপী চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ভারতীয় ফেন্সিডিল, গাঁজা ও মদসহ তিনজনকে আটক করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ৬ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় গত ২৩ মে থেকে ২৯ মে পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনস্থ দর্শনা আইসিপি, দর্শনা, বারাদী, সুলতানপুর, ফুলবাড়ী, ঠাকুরপুর, এবং বড়বলদিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানগুলো থেকে ৩ জন আসামীসহ ভারতীয় ৯ বোতল ফেন্সিডিল, ২৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৬৮ বোতল মদ, ৫০০ পিস ফেসওয়াশ এবং ১ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ১৪ হাজার ২৫০ টাকা। আটককৃত মালিকবিহীন চোরাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিসে এবং আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এছাড়াও আটককৃত মালিকসহ চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য দর্শনা থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
