চুয়াডাঙ্গায় মৃত নারীসহ ১০ জনের করোনা শনাক্ত

আপলোড তারিখঃ 2021-05-29 ইং
চুয়াডাঙ্গায় মৃত নারীসহ ১০ জনের করোনা শনাক্ত ছবির ক্যাপশন:
গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৩১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৮ সমীকরণ প্রতিবেদক: সারদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ১৪ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষার মধ্যে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৮ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫১১ জনে ও মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৩০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ লাখ ১ হাজার ৮৭৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন। এছাড়া চট্টগ্রামে ১০, রাজশাহীতে ২, খুলনায় ৬, সিলেটে ১ এবং রংপুরে ২ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ১৩ জন নারী। এর মধ্যে ১ জন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ৫১১ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৩৭ জন এবং নারী ৩ হাজার ৪৭৪ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের ৫ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ৪ জন রয়েছেন। এছাড়া ১১ থেকে ২০ বছরের ১ জন এবং ১০ বছরের নিচে ১ জন রয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। তারপর ধীরে ধীরে বাড়তে থাকে সংক্রমণ। গত বছরের শেষ দিকে এসে সংক্রমণ কমতে থাকে। এ বছরের মার্চ থেকে করোনার সংক্রমণ আবার বেড়ে যায়। মার্চের প্রথমার্ধেই দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের ওপরে চলে যায়। বাড়তে থাকে মৃত্যুর সংখ্যাও। গত ২৬ মার্চের বুলেটিনে আগের ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু খবর দেওয়া হয়, সেখানে এক মাস পর ২৫ এপ্রিলের বুলেটিনে ১০১ জনের মৃত্যুর কথা জানানো হয়। করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় ৫ এপ্রিল থেকে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়, যা এখনো বহাল। এই বিধিনিষেধে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ধীরে ধীরে সংক্রমণ ও দৈনিক মৃত্যু কমেছে। তবে আবার সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া আমেনা বেগমসহ (৪০) ১০ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত নয়টায় জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ জনে। গত ২৫ মে রাত সাড়ে নয়টার দিকে সদর হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেগমের মৃত্যু হয়। ওইদিনই তাঁর শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পরদিন বৃহস্পতিবার প্রেরণ করে। গতকাল আমেনা বেগমের নমুনাসহ বৃহস্পতিবার প্রেরিত ৩৪টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ১০টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ১০ জনের মধ্যে সদর উপজেলার তিনজন, আলমডাঙ্গার একজন ও দামুড়হুদার আমেনা বেগমসহ ছয়জন রয়েছে। নিহত আমেনা বেগম দামুড়হুদা উপজেলার দর্শনা থানার চণ্ডিপুর গ্রামের আলম শেখের স্ত্রী। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৫৬ জন। মোট শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ২৩ জন, আলমডাঙ্গায় ৩৬৫ জন, দামুড়হুদায় ৩৫৯ জন ও জীবননগরে ২০৯ জন। গতকাল সদর উপজেলায় নতুন একজন সুস্থ হয়েছে। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮১১ জন। এর মধ্যে সদর উপজেলার ৯৬৯ জন, আলমডাঙ্গার ৩৩৯ জন, দামুড়হুদায় ৩১১ জন ও দামুড়হুদায় ১৯২ জন সুস্থ হয়েছেন। গতকাল শুক্রবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য কোন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেনি। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৯ হাজার ৭২১টি, প্রাপ্ত ফলাফল ৯ হাজার ৫২০টি, পজিটিভ ১ হাজার ৯৫৬টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডায় ৭৯ জন করোনাক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে সদর উপজেলায় অবস্থানকালে আক্রান্ত হয়েছেন ২৫ জন, আলমডাঙ্গায় ৭ জন, দামুড়হুদায় ৩৪ জন ও জীবননগরে ১৩ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৬২ জন হোম আইসোলেশনে আছেন। এর মধ্যে সদর উপজেলায় ২৩ জন, আলমডাঙ্গায় ৭ জন, দামুড়হুদায় ১৯ জন ও জীবননগরে ১৩ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন সদর উপজেলার ২ জন ও দামুড়হুদার ১৫ জনসহ মোট ১৭ জন। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার বাইরে রয়েছেন আরও ১ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৬৬ জনের। এরমধ্যে সদর উপজেলার ২৫ জন, আলমডাঙ্গায় ১৭ জন, দামুড়হুদায় ১৪ জন ও জীবননগরে ৪ জন। চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ৬ জনের মৃত্যু হয়েছে এ জেলার বাইরে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)