ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
সামাজিক ও দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর গ্রামের পূর্বপাড়ায় প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরনের সমর্থকদের সাথে গিয়াস উদ্দিনের সমর্থকদের বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে।
গ্রামবাসী জানান, গত ১৬ মে মধুপুর গ্রামে তর্ক-বিতর্কের একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে বৃহস্পতিবার মধ্যরাতে শহিদুল ইসলাম হিরন সমর্থক আমজাদ মোল্লা, বশির উদ্দিন, মিজানুর, রিপনের নেতৃত্বে শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গিয়াস উদ্দিনের সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালায়। এসময় ওই গ্রামের সবেদ মীর, আব্দুল্লাহ, ফিরোজ, নুর ইসলাম, মাসুদ হোসেন, বাটুল, আবু হানিফ, সুলতান, মতিয়ার, নাণ্টু, কামালের দোকানসহ ১২টি বাড়ি ভাঙচুর করা হয়। গরু, ছাগল, কবুতর, ধান লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
