ছবির ক্যাপশন:
প্রতিবেক, বারাদী:
মেহেরপুর সদর উপজেলার পাটাপোকা গ্রামে ছাগল চোরচক্রের তিন সদস্যকে হাতে-নাতে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ চুরির ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- মেহেরপুর শহরের শেখপাড়ার শহিদুল ইসলামের ছেলে সাইদুল (১৭), বাসস্ট্যান্ড পাড়ার আশকারের ছেলে রাসেল (২০) এবং বাসস্ট্যান্ড পাড়া ৮ নম্বর ওয়ার্ডের টগর আলীর ছেলে মাসুদ (৩৫)।
জানা যায়, ইজিবাইকে যাত্রীবেশে বসে ছিলেন মাসুদ ও সাইদুল। রাসেল ইজিবাইক চালক। পাটাপোকা গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে ছাগল চরতে দেখে তাঁরা গাড়ি থামিয়ে একটি ছাগল তুলে নেয়। পরে বেশ কিছু দূর গিয়ে আরেকটি ছাগল দেখে তারা সেটিও গাড়িতে তোলার চেষ্টা করের। এসময় বাড়ির ছাদে ধান শুকাচ্ছিলেন শুকজান নামের এক নারী। গাড়িতে ছাগল তুলতে দেখে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে তাঁরা ছাগল ফেলে ইজিবাইক নিয়ে পালাতে থাকে। গ্রামের সাইদ, আলিম, সজীব ও রাসেল তাঁদের ধাওয়া করে কিছু দূর গিয়ে তাদের ধরে ফেলে। চোর ধরা পড়ার খবরে উৎসুক জনতা এসে তাদের ইজিবাইক ভাঙচুর করে এবং তাদের গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বারাদী পুলিশ ক্যাম্পের টুআইসি এএসআই কামরুজ্জামান ফোর্স নিয়ে তাঁদের উদ্ধার করে ক্যাম্প হেফাজতে আনেন। মামলার প্রক্রিয়া চলমান ছিল।
স্থানীয়রা জানান, চুরি যাওয়া ছাগল দুটি পাটাপোকা গ্রামের হামেজ উদ্দীনের ছেলে মক্কর আলী ও আতাহার আলীর ছেলে ইয়াসিন আলীর। এর আগেও গ্রাম থেকে আটটি ছাগল চুরি হয়েছে।
