বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-05-21 ইং
বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় প্রকাশ্যে ট্রাকচালককে গুলি করে হত্যাচেষ্টা মামলা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় প্রকাশ্যে গুলি করে ট্রাকচালক সাচ্চু হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী শাকের আলীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের জাফরপুরের পাওয়ার হাউজ এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। বেলা একটার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার জাহিদুল ইসলাম। মামলার প্রধান আসামি শাকের আলী (২৬) নুরনগর কলোনীপাড়ার সুসাহেবের ছেলে এবং গ্রেপ্তার আরেক আসামী শাকেরের চাচাতো ভাই সুমন (২৬) জাফরপুর এলাকার মনার ছেলে। ``পুলিশ জানায়, চুয়াডাঙ্গা শহরের আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় গত ২৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে ৬-৭ জনের একটি দল ট্রাকচালক সাচ্চু শেখকে লক্ষ্য করে গুলি করে। সাচ্চুর তলপেটের বামদিকে গুলি লাগে। এ ঘটনার পর পরই ৬টি গুলি, একটি ম্যাগাজিনসহ অন্যতম আসামী বাকের আলীকে আটক করা হয়। এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদর থানায় শাকেরকে প্রধান আসামী করে বাকেরসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা করে সাচ্চুর পরিবার। মামলার পর থেকেই শাকের পলাতক ছিলেন। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, জাফরপুর পাওয়ার হাউজ এলাকার তাঁর চাচাতো ভাই সুমনের বাড়িতে অবস্থান করছেন পলাতক আসামী শাকের, এমন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল। এসময় সুমন ও শাকেরকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া স্বীকারোক্তিতে শয়ন-কক্ষের বিছানার তোষকের নিচ থেকে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল ও একটি ম্যাগাজিনসহ ৪টি তাজা বুলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় দি আর্মস অ্যাক্ট ১৮৭৮ এর ১৯-এ মোতাবেক গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস উদ্ঘাটনে পুলিশ নিরবচ্ছিন্ন কাজ করছে বলেও জানান এসপি জাহিদুল ইসলাম। এদিকে গুলিতে আহত চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ার মৃত আরেফিন শেখের ছেলে ট্রাকচালক সাচ্চু শেখকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকবার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি বাড়িতে অসুস্থ অবস্থায় দিনপার করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)