হাসপাতালের কোয়ারেন্টাইনে ভারতফেরত নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-05-21 ইং
হাসপাতালের কোয়ারেন্টাইনে ভারতফেরত নারীর মৃত্যু ছবির ক্যাপশন:
দর্শনা সীমান্ত দিয়ে আরও ১১৮ জনের দেশে প্রবেশ, চারজনের শরীরে করোনা শনাক্ত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভারত ফেরত রোকেয়া বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৩৫ মিনিটে সদর হাসপাতালের কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রোকেয়া বেগম চট্টগ্রাম জেলার সীতাকুন্ডু উপজেলার পূর্ব মুরাদপুর গ্রামের শহিদুল্লাহর স্ত্রী। গতকাল বিকেলেই রোকেয়া বেগমের পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে তাঁর লাশ নিয়ে সীতাকুন্ডু উপজেলার পূর্ব মুরাদপুরের উদ্দেশ্যে রওনা হয়। জানা যায়, গত ১৮ মে রোকেয়া বেগম চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। দর্শনা চেকপোস্টে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার স্বাস্থ্য পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসে। রোকেয়া বেগম ক্যানসারে আক্রান্ত রোগী হওয়ায় ১৯ মে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়। তিনি ক্যানসারের চিকিৎসার জন্যই স্বামীর সঙ্গে ভারতে গিয়েছিলেন। রোকেয়া বেগমের মৃত্যু হলেও তার স্বামী শহিদুল্লাহ হাসপাতালের কোয়ারেন্টাইনে অছেন। চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে আরও ১১৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এরমধ্যে চারজন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে এই ১১৮ জন দেশে প্রবেশ করেন। এর মধ্যে করোনা শনাক্ত হওয়া চারজনকে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ রিপোর্ট হওয়ার পরেও উপসর্গ থাকায় চারজনকে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকী ১১০ জনকে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি), যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ও হোটেল ভিআইপিতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে গত চারদিনে মোট ৩৩৪ জন দেশে ফিরলেন। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছেন ১১৮ জন। তাদের সবাইকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দেশে আসাদের মধ্যে চারজনের দেহে করোনা শনাক্ত হয়। পুলিশি পাহারায় গতকালই তাদেরকে অ্যাম্বুলেন্সযোগে সদর হাসপাতালে নেওয়া হয়। ভারত থেকে দর্শনা চেকপোস্ট দিয়ে চারদিনে বাংলাদেশে প্রবেশকারী ৩৩৪ জনের মধ্যে মোট সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত সাতজনই সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। দর্শনা চেকপোস্ট দিয়ে আগত ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিতকরণের জন্য গঠিত উপকমিটির সদস্য ডা. আওলিয়ার রহমান (এমওডিসি) জানান, দর্শনা চেকপোস্ট দিয়ে গতকাল আরও ১১৮ জন বাংলাদেশী দেশে প্রবেশে করেছে। এদের মধ্যে চারজনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত চারজনকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছে। এছাড়াও করোনা উপসর্গ থাকায় আরও চারজনকে হাসপাতালের কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। অন্য ১১০ জনকে ১৪দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের জন্য চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি), যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ও হোটেল ভিআইপিতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফাতেহ্ আকরাম জানান, ‘হাসপাতালের কোয়ারেন্টাইনে অবস্থানকালে বেলা ১১টা ৩৫মিনিটে রোকেয়া বেগমের মৃত্যু হয়েছে। তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন এবং ভারতে চিকিৎসা নিচ্ছিলেন। ১৯ মে তাকে হাসপাতালের কোয়ারেন্টাইনে নেওয়া হয়। এদিকে গতকাল ভারত থেকে দেশে ফেরা আরও চারজনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় তাদেরকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। করোনা শনাক্ত চারজনেরই শারীরিক অবস্থা ভালো আছে। এনিয়ে ভারত ফেরত করোনা আক্রান্ত মোট ছয়জন রোগী সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়াও আরও চারজনকে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)