ছবির ক্যাপশন:
দামুড়হুদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের জাহানারা ওরফে জাহানকে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দুধপাতিলা গ্রামের মাঝেরপাড়ায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আটক করে। সাজাপ্রাপ্ত জাহানারা (৫০) ওই এলাকার মৃত আকবর আলীর স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা দুইটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে জাহানারার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় জাহানারাকে আটক করা হলে তাঁর স্বীকারোক্তিতে তাঁর ঘরের ভেতর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাহানারাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করা হয়। গতকালই সাজাপ্রাপ্ত জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন আব্দুল লতিফ।
