গ্রেপ্তার করে লেখার স্বাধীনতা স্তব্ধ করা যাবে না

আপলোড তারিখঃ 2021-05-19 ইং
গ্রেপ্তার করে লেখার স্বাধীনতা স্তব্ধ করা যাবে না ছবির ক্যাপশন:
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে গাংনী ও ঝিনাইদহে মানববন্ধনে বক্তারা সমীকরণ প্রতিবেদন: স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে মেহেরপুরের গাংনীতে প্রতিবাদ সভা ও ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে এসব কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। গাংনী: স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা করেছে মেহেরপুরের গাংনী প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এ প্রতিবাদ সভায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের ওপরে এ নির্যাতনের ঘটনা দুর্নীতিবাজদের দ্বারা দেশ ধ্বংসের চক্রান্তের বহিঃপ্রকাশ বলে মনে করেন সাংবাদিকরা। অনুষ্ঠানে গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌলা রেজা, রাশেদুজ্জামান, মাজেদুল হক মানিকসহ সাংবাদিকবৃন্দ। প্রেসক্লাব নেতৃবৃন্দের দাবি, সাংবাদিক রোজিনাকে দ্রুত মুক্তি দিয়ে তাঁর নির্যাতনকারীদের বিচার দাবি করা হয়। আর মুক্তি না দেওয়া এবং দোষীদের বিচার না করার পর্যন্ত গাংনী প্রেসক্লাব নানা কর্মসূচির আয়োজন করার ঘোষণা দেন। ঝিনাইদহ: ``আর্ন্তজাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি নারী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহ শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে প্রথম আলো বন্ধুসভা এ কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে ঝিনাইদহে কর্মরত সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচি শেষে এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গ্রেপ্তার আর জেলে বন্দি করে লেখার স্বাধীনতা স্তব্ধ করা যাবে না। প্রতিবাদকারীদের ভাষায় বাংলাদেশে হুইসল ব্লোয়ার্স আইন অনুযায়ী কেউ দুর্নীতি বিষয়ে তথ্য প্রকাশ করলে তাঁকে পুরস্কৃত করার কথা। অথচ সাংবাদিক রোজিনার ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টোটা। রোজিনা রাষ্ট্রের কর্মচারীদের দুর্নীতি ঠেকাতে সরকারকে সহায়তা করছিলেন। কিন্তু তাঁকে প্রটেকশন না দিয়ে চোরদের পক্ষাবলম্বন করা দুঃখজনক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)