ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশ পেশাগত দায়িত্বপালনের পাশাপাশি বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। তারই অংশ হিসেবে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম সামাজিক দায়বদ্ধতা থেকে একের পর এক গণমুখী কার্যক্রম গ্রহণ করে চলেছেন। এবার শারীরিক প্রতিবন্ধী ইকবাল আহম্মেদ (৬০) নামের এক বৃদ্ধের নষ্ট হুইল চেয়ারটি ব্যবহারের উপযোগী করে দিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল রোববার শারীরিক প্রতিবন্ধী ইকবাল আহম্মেদ পুলিশ সুপার জাহিদুল ইসলামের কাছে যেয়ে তাঁর ব্যবহারের অনুপযোগী হুইল চেয়ারটির মেরামতের বিষয়ে সহযোগিতা চান। পুলিশ সুপার বিষয়টি জানামাত্র জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই মুহিদকে হুইল চেয়ার মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এসময় এসআই মুহিদ অসহায় প্রতিবন্ধী ইকবাল আহম্মেদকে সাথে নিয়ে তাঁর ব্যবহারের অনুপযোগী হুইল চেয়ারটি মেরামতসহ দুটি নতুন টায়ার ও টিউব লাগিয়ে ব্যবহারের উপযোগী করে দেন। এসময় ইকবাল আহম্মেদের মুখে কৃতজ্ঞতার অকৃত্রিম হাসি ফুঁটে উঠে।
চুয়ডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ ধরণের মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হয়ে জনগনের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকলকে আহবান জানিয়ে বলেন, ‘সমাজের সর্বস্তরের সামর্থবান মানুষ যদি অসহায় সুবিধা-বঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেন, তাহলে আমাদের সমাজে সুবিধা-বঞ্চিতদের মুখেও হাসি ফোঁটানো সম্ভব।’ এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।
