ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা খাদ্যগুদামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, বোরো ধান সরাসরি কৃষকদের নিকট থেকে সংগ্রহ করা নিশ্চিত করতে হবে। ধান গ্রহণের সময় যাতে কৃষকদের হয়রানির শিকার হতে না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্টরা সজাগ থাকবেন। এ ক্ষেত্রে অনিয়ম সহ্য করা হবে না। তিনি আরও বলেন, এ সরকার কৃষকবান্ধব সরকার। শেখ হাসিনার সরকারের আন্তরিকতা আর নিরলস পরিশ্রমের কারণে কৃষিক্ষেত্র এত উন্নত হচ্ছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
আলমডাঙ্গা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিয়ারাজ হুসাইন বলেন, এ মৌসুমে ২৭ টাকা কেজি দরে ১৬২৫ টন ধান ও ৪০ টাকা দরে ১২১৪ টন চাল সংগ্রহ করা হবে।
উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পুলক কুমার মণ্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, কৃষি অফিসার হোসেন শহীদ সোহরওয়ার্দী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম, খন্দকার শাহ আলম মণ্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগরে সভাপতি এম আজিজুল হক, উপজেলা মিল চাতাল ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল হক প্রমুখ।
