ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় দুস্থ ও অতি দরিদ্রদের মধ্যে আর্থিক সহায়তা প্রদানকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অতি দরিদ্র ব্যক্তি ও পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় সদরের শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ও ত্রাণ কার্যক্রমের আহ্বায়ক ইব্রাহিম হামিদ শাহিন, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের পরিচালনা পরিষদের সভাপতি হাবিবুর রহমান। এসময় শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের সচিব ফয়জুর রহমানসহ প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শংকরচন্দ্র ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে নগদ অর্থ (৪৫০ টাকা), মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরই বাংলাদেশের মানুষ সরকারি সহযোগিতা পায়। বিভিন্ন বিষয়ে তিনিই ভাতা চালু করেছেন। তিনি এমন একজন নেতা, যিনি সকল দিকে খেয়াল রাখেন। করোনাকালীন সময়েও তিনি দক্ষতার সাথে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। আমাদেরকেও আরও সতর্ক হতে হবে। এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।
