ছবির ক্যাপশন:
দামুড়হুদায় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অনুদান পাইয়ে দেওয়ার নাম করে অর্থ বাণিজ্য
সমীকরণ প্রতিবেদক:
দামুড়হুদায় করোনা মহামারিতে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত টাকা পাইয়ে দেওয়ার নাম করে নির্মাণ শ্রমিকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্দে। উপজেলার প্রায় ৩ শ শ্রমিকের নিকট থেকে মাথাপিছু ২ শ করে টাকা নেওয়া হয়, যা মোট ৬০ হাজার টাকা।
অভিযোগ সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের মোট সদস্য সংখ্যা ১৩ শতাধিক। এর মধ্যে ৩ শ জন নির্মাণ শ্রমিক প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত আড়াই হাজার টাকা করে অনুদান পাবেন। যারা গত বছরও এই টাকা পেয়েছেন, এসকল পূর্ব নির্ধারিত নির্মাণ শ্রমিকদের কাছ থেকে এনআইডির ফটোকপিসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং নগদ ২ শ টাকা হারে আদায় করছেন উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে নির্মাণ শ্রমিক বাবু, জাহাঙ্গীর, আরিফুল ও মতি জানান, নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল খালেক এবং কোষাধ্যক্ষ আব্দুল মজিদ তাঁদেরকে ডেকে প্রত্যেককে ২ শ করে নগদ টাকা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মজিদের কাছে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেছেন। সে মোতাবেক তাঁরা তাঁদের এনআইডির ফটোকপিসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং নগদ ২ শ টাকা হারে নির্মাণ শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুল মজিদের নিকট জমা দিয়েছেন। এ সমস্ত কাগজপত্র এবং টাকা চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের অফিসে জমা দেওয়া হবে বলেও তাঁরা নির্মাণ শ্রমিকদেরকে জানিয়েছেন।
তাঁদের দাবি, অবিলম্বে তদন্তপূর্বক দামুড়হুদা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের দুর্নীতিগ্রস্ত এসব নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন।
এ ব্যাপারে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আনারুল ইসলামের সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, সব সদস্যদের মাসিক ১০ টাকা হারে চাঁদা এবং তাঁদের অফিসের ঘর ভাড়া বকেয়া থাকায় উক্ত টাকা নেওয়া হচ্ছে। কোষাধ্যক্ষ আব্দুল মজিদকে মোবাইল ফোনে জিজ্ঞাসা করলে তিনি মোবাইল ফোনের সংযোগ কেটে দেন। তথ্যসূত্র- শীর্ষনিউজ
