ছবির ক্যাপশন:
দামুড়হুদায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দামুড়হুদার দলকা-লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁদেরকে আটক করেন। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার দলকালক্ষীপুর গহেরপুর পাড়ার ইব্রাহিম হোসেনের ছেলে রাজন ইসলাম (২০) এবং একই এলাকার ফারুক হোসেনের স্ত্রী ফরিদা খাতুন (৩৫)। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদানের পর কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক শাহারা ইয়াছমিন ফোর্স নিয়ে রাজন ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় রাজনকে আটকের পর তাঁর স্বীকারোক্তিতে তাঁর ঘরে তল্লাাশি চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে রাজন ইসলামকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন।
এদিকে, গতকাল বেলা ১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম ফারুক হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় তাঁর স্ত্রী ফরিদা খাতুনকে আটক করা হয়। আটককৃত ফরিদা খাতুনের স্বীকারোক্তিতে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ১ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদা খাতুনকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
