ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় সাপের কামড়ে আহত যুবক বজলুল আহমেদ সুস্থ আছেন। গত শুক্রবারে সাপের কামড়ে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসলে তাঁর শরীরে সাপের বিষের প্রতিশোধক ১০ টি অ্যান্টিভেনম স্নেক ইঞ্জেকশন পুশ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। চিকিৎসক জানিয়েছেন তাঁর অবস্থা উন্নতির দিকে।
জানা যায়, গত শুক্রবার রাতে বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন কামালপুর গ্রামের মক্তবপাড়ার আসাবুল হকের ছেলে বজলুল আহমেদ। এ সময় হঠাৎ করে একটি সাপ তাঁর পায়ে কামড় দিলে বজলুল আহমেদ সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন এবং মৃত সাপটি সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চলে আসেন । যেন চিকিৎসক খুব দ্রুত সাপটি চিহ্নিত করে তাঁকে সঠিক চিকিৎসা দিতে পারেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ( আরএমও ) ডা. এএসএম ফাতেহ্ আকরাম জানান, সাপটি সঙ্গে নিয়ে আসায় সাপটিকে একটি বিষধর গোখরা হিসেবে চিহ্নিত হওয়ায় দ্রুত রোগীকে সাপের বিষের প্রতিশোধক হিসেবে ১০ টি অ্যান্টিভেনম স্নেক ইঞ্জেকশন পুশ করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আছেন । তার অবস্থা উন্নতির দিকে।
