ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনীতে অপহরণের সাথে সম্পৃক্ততার অভিযোগে রামনগরের মোটরসাইকেল মেকানিক জান্নাতকে (২৬) আটক করেছে গাংনী থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী থানার এসআই জহির রায়হান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার রামনগর গ্রাম থেকে তাঁকে আটক করেন। আটককৃত জান্নাত ওই গ্রামের দক্ষিণ (গোরস্তান) পাড়ার আজাদ আলী ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ মেহেরপুর গাংনী উপজেলা সহড়াতলা গ্রামের মৃত উজির আলীর ছেলে মিনারুল ইসলাম (৩৮) অপহরণ হন। এ ঘটনায় মিনারুলের স্ত্রী বেবী নাজনীন বাদী হয়ে রামনগর গ্রাম আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর ছেলে রোকনুজ্জামান খোকন, সালোয়ার খাঁ-এর ছেলে মিণ্টুসহ ৬ জনকে আসামি করে একটি অপহরণ মামলা করেন। ওই অপহরণ কাজে ব্যবহৃত প্রাইভেটকারের মালিক মোটরসাইকেল মেকানিক জান্নাত দাবী মিনারুলের স্ত্রীর।
এই অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহির রায়হান জানান, এই মামলায় আসামি মিণ্টুকে ইতোমধ্যে আটক করা হয়েছে। একজন আসামি কোর্টে আত্মসমর্পণ করেছেন, আরেক আসামি হাইকোট থেকে জামিন নিয়েছেন। রোকনুজ্জামান খোকন পলাতক রয়েছে। এছাড়া একজন আসামির বাড়ি ভারতে। অপহরণ কাজে জান্নাতের গাড়ি ব্যবহার করা হয়েছে মর্মে তাঁকে আটক করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, জান্নাত এজাহারভুক্ত আসামি নন। এই অপহরণ কাজে তাঁর গাড়ি ব্যবহার করা হয়েছে এমন অভিযোগ আছে। তিনি তদন্তপূর্বক আসামি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
