দেশে করোনায় আরও ৭৭ জনের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-04-29 ইং
দেশে করোনায় আরও ৭৭ জনের মৃত্যু ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নতুন চারসহ মেহেরপুরে দুজন কোভিডে আক্রান্ত সমীকরণ প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৩০৫ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯৫৫ জনের। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জনে। গতকাল বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৫৮টি ল্যাবে ২৮ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৪ লাখ ২৩ হাজার ৭৩০টি। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে শনাক্তের হার কমতে শুরু করে। গত জুন থেকে আগস্ট এই তিন মাস করোনার সংক্রমণ ছিল তীব্র । মাঝে নভেম্বর-ডিসেম্বরে কিছুটা বাড়লেও বাকি সময় সংক্রমণ নিম্নমুখী ছিল। এ বছরের মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে। কোনো দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে আছে কি না, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঠিক করা কিছু নির্দেশক থেকে বোঝা যায়। তার একটি হলো রোগী শনাক্তের হার। টানা দুই সপ্তাহের বেশি রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। এ বছর ফেব্রুয়ারির শুরু থেকে শেষ পর্যন্ত শনাক্তের হার ৩ শতাংশের নিচে ছিল। দুই মাস পর গত ১০ মার্চ দৈনিক শনাক্ত আবার হাজার ছাড়ায়। এরপর দৈনিক শনাক্ত বাড়ছেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৯ মার্চ বেশ কিছু বিধিনিষেধসহ ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার। এর মধ্যে ঘরের বাইরে গেলে মাস্কের ব্যবহার অন্যতম। কিন্তু সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকলেও জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখনো উদাসীনতা দেখা যাচ্ছে। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হলে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে আরও চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৬২ জন। এর মধ্যে সদর উপজেলার ৯৮৯ জন, আলমডাঙ্গায় ৩৫৩ জন, দামুড়হুদায় ৩২১ জন ও জীবননগরে ১৯৮ জন। গতকাল বুধবার জেলায় আরও জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৭১১ জন। এর মধ্যে সদর উপজেলার ৯০৭ জন, আলমডাঙ্গার ৩২৮ জন, দামুড়হুদার ২৯৪ জন ও জীবননগরের ১৮৪ জন। জানা যায়, গত মঙ্গলবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য ১৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল পূর্বের পেন্ডিং নমুনাসহ ১৫টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিস প্রকাশ করে। এর মধ্যে ৪টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে, বাকি ১১টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য ২২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষাকেন্দ্রে প্রেরণ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ২৫৬টি। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৯ হাজার ২৫৬টি, প্রাপ্ত ফলাফল ৯ হাজার ৩০, পজিটিভ ১ হাজার ৮৬২টি ও নেগেটিভ ৭ হাজার ১৩৪টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডায় ৯৩ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল। এর মধ্যে সদর উপজেলায় অবস্থানকালে আক্রান্ত হয়েছেন ৫৮ জন, আলমডাঙ্গায় ৯ জন, দামুড়হুদায় ১৬ জন ও জীবননগরে ১১ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৮০ জন হোম আইসোলেশন আছেন। এর মধ্যে সদর উপজেলায় ৪৮ জন, আলমডাঙ্গায় ৭ জন, দামুড়হুদায় ১৫ জন ও জীবননগরে ১০ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন সদর উপজেলার ৬জন, আলমডাঙ্গার ১, দামুড়হুদার ১ জনসহ ৮ জন। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার বাইরে রয়েছেন আরও ৫ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪৯ জনের। এর মধ্যে সদর উপজেলার ২১ জন, আলমডাঙ্গায় ১৪ জন, দামুড়হুদায় ১১ জন ও জীবননগরে ৩ জন। এছাড়াও চুয়াডাঙ্গায় আক্রান্ত ৭ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। মেহেরপুর: মেহেরপুরে নতুন করে আরও ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ২৬ জন। গতকাল বুধবার সন্ধ্যায় মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)