চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অস্বচ্ছল মানুষের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২৯৫টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় শহরের ভি জে স্কুল ফুটবল মাঠে (চাঁদমারী মাঠ) জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মানুষের হাতে এ মানবিক সহায়তা তুলে দেন। এ সময় প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি মসুরির ডাল মানবিক সহায়তা হিসেবে প্রদান করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাজিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান ও এনএসআই-এর উপ-পরিচালক জিএম জামিল সিদ্দিক।
বিতরণকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে লকডাউনে মানুষের বেঁচে থাকার সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী মানবিক সহায়তা পাঠিয়েছেন। আপনাদের মাঝে সেগুলো বিতরণ করা হলো। আমাদের করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে। কোভিডে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা এখন মোটেও কম নয়। এটা দেখে হলেও আমাদের সচেতন হতে হবে। আমাদের মনে রাখতে হবে, করোনাভাইরাস থেকে বাঁচতে হলে সবথেকে আগে সচেতন হওয়া প্রয়োজন। যাঁরা স্বাস্থ্যবিধি মানতে চাচ্ছেন না, তারাই বেশি আক্রান্ত হচ্ছেন। মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ করোনাকালীন সময়ে গত বছরও সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। খুব খারাপ সময়ও সুষ্ঠভাবে সরকার পরিস্থিতি মোকাবেলা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী চিন্তায় এদেশে এখনো কেউ না খেয়ে মারা যায়নি। প্রত্যেক অসহায়ের ঘরে খাবার পৌছে দেওয়া হয়েছে। এবারও প্রধানমন্ত্রী মানবিক সহযোগীতা পাঠিয়েছেন।
চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন, শাহিদুল আলম, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান প্রমুখ।
