জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২ হাজার ৩১০, সর্বনিম্ন ৭০ টাকা নির্ধারণ

আপলোড তারিখঃ 2021-04-22 ইং
জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২ হাজার ৩১০, সর্বনিম্ন ৭০ টাকা নির্ধারণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি এ বছর জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা সাদাকাতুল ফিতর বা ফিতরা নির্ধারণ করেছে। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত গম, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপরোক্ত পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য সমপরিমাণ সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। সে মোতাবেক সমাজে ধনীদের জন্য এক সা’ পনিরের বাজার দর হিসেবে সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সমাজের সবার জন্য অর্ধ সা’ বা ১ কেজি ৬৫০ গ্রাম গম বা আটার বাজার দর হিসেবে ৭০ টাকা সর্বনিম্ন ফিতরা হার নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক ভার্চুয়াল সভায় সাদাকাতুল ফিতরার এই হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। সভায় জানানো হয়, নেছাব পরিমাণ মালের মালিক হলে মুসলমান নারী পুরুষের ওপর ঈদের দিন সকালে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করতে হয়। নেসাব মানে হচ্ছে দৈনন্দিন প্রয়োজন পূরণ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাদ দেওয়ার পর সাড়ে বায়ান্ন তোলা পরিমাণ রুপা অথবা সাড়ে সাত তোলা পরিমাণ স্বর্ণ থাকলে অথবা এর সমমূল্যের ব্যবসায়িক পণ্যের মালিকানা থাকলে তাকে জাকাতের নেসাব বলে। সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার ও হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহূল আমীন, মুফতি মাওলানা মিজানুর রহমান সাঈদ, মাওলানা মো. আবদুর রাজ্জাক, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকারসহ দেশের বিশিষ্ট আলেম ওলামারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)