স্বাস্থ্যবিধি মেনে করোনাকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে

আপলোড তারিখঃ 2021-04-09 ইং
স্বাস্থ্যবিধি মেনে করোনাকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে ছবির ক্যাপশন:
সময়ের সমীকরণ-এর সম-সাময়িক বিষয়ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ‘সমীকরণ সংলাপে’ অতিথিরা নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস নিয়ে উৎকণ্ঠা, ভয় শেষ না হতেই সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউয়ের কথা উঠছে। শুধু রাজধানী বা বড় শহরেই নয়, আমাদের জেলাতেও দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান এসেছে সরকারের পক্ষ থেকেও। আসলেই কি এই করোনার দ্বিতীয় ঢেউ? তা মোকাবিলায় প্রস্তুতি কেমন হওয়া উচিত? এই সকল প্রশ্ন নিয়েই গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দৈনিক সময়ের সমীকর-এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সমসাময়িক বিষয়ভিত্তিক ‘সমীকরণ সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার বার্তা সম্পাদক হুসাইন মালিকের পরিকল্পনা ও গ্রন্থনায় অনুষ্ঠানটি সম্প্রচারে প্যানেল প্রযোজক হিসেবে কাজ করেছেন পত্রিকার ডেস্ক ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের পরিচালনা ও সঞ্চালনায় গতকালের সংলাপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি অংশ নেন চুয়াডাঙ্গার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, স্বাস্থ্যসেবায় পরিচিত মুখ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও চুয়াডাঙ্গা করোনা টিকাদান কমিটির আহ্বায়ক ডা. আওলিয়ার রহমান এবং চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু। আলোচনার শুরুতেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় চুয়াডাঙ্গা স্বাস্থ্যবিভাগ মানুষকে কতটা সচেতন করতে পেরেছে? প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের এ প্রশ্নের জবাবে ডা. আওলিয়ার রহমান বলেন, ‘প্রথমদিকে স্বাস্থ্যবিভাগ তেমন পদক্ষেপ না নিলেও পরে বিস্তার লাভ করলে বিষয়টি ব্যপক আলোচনায় আসে। এসময় জেলা স্বাস্থ্যবিভাগ মানুষের মধ্যে যথেষ্ঠ সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। যার ফলে কিছুদিন পূর্বেও এ জেলায় করোনা শনাক্তের হার শূন্যের কোঠায় ছিল। সংক্রমণ কম থাকায় সে সময় জেলার মানুষ নমুনা পরীক্ষাও কম করেছে। তবে সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ শতাংশের ওপরে উঠে দাঁড়িয়েছে। করোনা মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। দেশব্যাপী করোনা টিকাদানের প্রথম ধাপ শেষ হয়ে দ্বিতীয় ঢাপের টিকাদান কর্মসূচি আবার শুরু হয়েছে। ডা. আওয়ালিয়ার রহমান করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ‘সমীকরণ সংলাপের’ মাধ্যমে সকলের উদ্দেশ্যে আরও বলেন, ‘মাস্ক পরাটা একান্ত দরকার, অফিস-আদালত বা কাজ থেকে ঘরে ফিরে সবাই একটু গরম পানির ভাপ নেবেন। কারণ, এই ভাইরাস সাইনাসে গিয়ে বাসা বাঁধে। সেটা যেন না পারে, সে জন্য একটু গরম পানির ভাপ নিয়ে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। সকলে স্বাস্থ্যবিধি মেনে করোনা মহামারিকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে।’ সমীকরণ সংলাপে পরবর্তী প্রশ্ন ছিল ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবুর কাছে। লকডাউনে চুয়াডাঙ্গা ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা মেনে কীভাবে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় গতবারের মতো এবারও সরকারের নির্দেশনা মেনে আমরা দোকান বন্ধ রেখেছি। তবে লকডাউনে শুধু দোকান-পাট বন্ধ রেখে অন্য সকল কার্যক্রম চলাচল স্বাভাবিক থাকলে সরকারের এই সিদ্ধান্ত বিফল হবে। সরকার লকডাউন দিলে তা সকল ক্ষেত্রেই এক হতে হবে। অন্যথায় মানুষের চলাচল স্বাভাবিক থেকেই যাবে। আমরা দেশের মানুষের স্বার্থে সরকারের যেকোনো পদক্ষেপ মেনে নিতে প্রস্তুত। তবে শুধু দোকান-পাট বন্ধ রাখালে ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’ করোনা মোকাবিলায় প্রশাসন কতটা ভূমিকা রেখেছে এবং করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রশাসন কতটা প্রস্তুত? এ প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, ‘চুয়াডাঙ্গায় করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই বাড়ছে সংক্রমণের হার। উদ্বেগের বিষয় হলো- আগস্টে যখন সংক্রমণের হার কমতে শুরু করে, তখন থেকেই মানুষের মধ্যে এ বিষয়ে উদাসীনতা বেড়েছে। মাস্ক পরিধানসহ বিশেষজ্ঞদের বিভিন্ন পরামর্শও সাধারণ মানুষ অমান্য করেছে। প্রশাসনের জনবল কম। করোনাভাইরাস বৈশ্বিক মহামারি হিসেবে দেখা দিয়েছে এবং সরকারও সেই ধাক্কা দেখতে পাচ্ছে। মানুষকে বাঁচানোর জন্য সরকার মোবাইল কোর্ট পরিচালনা, স্বাস্থ্যবিধি নির্দেশনা প্রচার, লকডাউনে ত্রাণ সরবরাহসহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা অনেক কম। করোনা মোকাবিলায় প্রশাসনের সঙ্গে সঙ্গে সকলকে সতর্ক থাকতে হবে, নিজেকে সুরক্ষিত রাখতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যরাও যেন সুরক্ষিত থাকে, সেদিকে সকলকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। প্রত্যেকে যেন স্বাস্থ্য-সুরক্ষা বিধি মেনে চলে, সেই সরকারের নির্দেশে প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে।’ অনুষ্ঠানটির স্পন্সর ছিল অনলাইন কেনাকাটার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আদিয়ান মার্ট, নীলমণিগঞ্জ, চুয়াডাঙ্গা এবং চুয়াডাঙ্গা নিউ মার্কেটের ২য় তলায় অবস্থিত পোশাকের ব্র্যান্ড শপ ‘নন্দন’।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)