ছবির ক্যাপশন:
‘লকডাউনের’ খবরে চুয়াডাঙ্গায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে উভয়দ্বন্দ্ব
সমীকরণ প্রতিবেদন:
‘লকডাউনের’ কথা শুনেই হতাশা প্রকাশ করেছেন চুয়াডাঙ্গার খেটে খাওয়া মানুষ। কাজ না-করলে খাবেন কী, কীভাবে সংসার চালাবেন-এ চিন্তায় ঘুম হারাম তাদের। করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ সকাল ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১১টা পর্যন্ত চলাচল ও কাজে নিষেধাজ্ঞা (লকডাউন) দিয়েছে সরকার। এ সময় শুধু জরুরি সেবা ছাড়া প্রায় সবকিছু বন্ধ থাকবে। গতকাল রোববার সরকারের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। রমজান ও ঈদের আগে এমন ঘোষণায় রুটি-রুজি নিয়ে চিন্তিত দরিদ্র মানুষ।
চুয়াডাঙ্গা কোর্ট মোড়ের ছোট একটি খাবারের হোটেলের কর্মচারী কাজল বলেন, ‘মাসে যা টাকা কামাই, কোনোমতে চলে। এর মধ্যে যদি লকডাউন হয়, তাহলে পরিবার নিয়ে কীভাবে চলব, তা ভেবে পাই না। সরকারি সাহায্য না-পেলে এ কয়েকটা দিন না-খেয়ে থাকতে হবে।
মধ্যবয়সি রিকশাচালক আব্বাস আলী বলেন, ‘দিন আনি, দিন খাই। যেদিন কামাই নাই, সেদিন খাওয়াও নাই-ঠিক এমনই অবস্থা। রিকশাও যদি না-চালাতে পারি, তাহলে সহায়তা না-পেলে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। বাসায় আমি ছাড়াও আরও চারজন আছে। তাদের খাওয়াবে কে? সরকার যদি মানুষকে ঘর থেকে বের করতে না-চায়, তাহলে আমার মতো গরিব মানুষকে খাবারের নিশ্চয়তা আগে দিতে হবে।’
বেসরকারি একটি কোম্পানিতে কাজ করেন আল-হামজা। ‘তাঁর কষ্টটাও অনেকটা একই। সাত দিন কাজ না-করলে বেতন কাটা যাবে। এতে পরিবার-পরিজন নিয়ে তারও অনেক কষ্টে দিন কাটাতে হবে বলে জানান তিনি। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তো আর কোনো সমস্যা নেই। সমস্যা হলো আমাদের মতো বেসরকারি লোকজনের। যাদের নুন আনতে পান্তা ফুরায়।’
ফল ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, ‘এমনিতেই ব্যবসায়ের অবস্থা তেমন ভালো না। এরপর সামনে রমজান ও ঈদ। এখনও যদি ব্যবসা না-করতে পারি, তাহলে পরিবার নিয়ে যাব কোথায়? খাব কী?’ চায়ের দোকানি রফিকুলে ইসলামের যেন মাথায় হাত। দুশ্চিন্তায় তাঁর ঘুম হারাম হয়ে গেছে। দোকান না-চললে পরিবার-পরিজন নিয়ে বিপদে পড়তে হবে।
চুয়াডাঙ্গা নতুন বাজারে দিনমজুরের কাজ করা আব্দুল হাকিম বলেন, ‘লকডাউনে খুব কষ্টে থাকতে হয়। এর আগের লকডাউনেও অনেক কষ্টে কেটেছে। কোনো কোনো দিন রাস্তায় দাঁড়িয়ে থেকে যা পেয়েছি, তাই দিয়েই চলতে হয়েছে। যদিও ঘর থেকে বের হতে মানা করা হচ্ছে; কিন্তু বের হতে না-পারলে খাব কী? ঘরে অসুস্থ মা। প্রতিদিনই ওষুধের জন্য অনেক টাকা লাগে। কাজ না-করলে কোনো উপায় নেই।’
কথা হয় ভ্রাম্যমাণ বিভিন্ন পণ্যের দোকানিদের সঙ্গে। তারাও হতাশা আর শঙ্কার কথা জানান। ঝালমুড়ি বিক্রেতা আফজালুল হক বলেন, ‘আগে স্কুল-কলেজের সামনে ঝালমুড়ি বানিয়ে বিক্রি করতাম। এখন স্কুল-কলেজ বন্ধ হওয়ায় রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করি। এ কাজের ওপর নির্ভর করে বাসায় থাকা বৃদ্ধ মা-বাবাসহ চারজনের জীবন। মানুষজন ঘর থেকে বের না-হলে বিক্রি হবে না। বড়ই কষ্টে থাকতে হবে আমার। ভ্রাম্যমাণ পান-বিড়ি দোকানি রমিজ উদ্দিনেরও কষ্ট একই রকম। রাস্তায় বের না-হলে খাবে কী, তাই নিয়ে তিনি চিন্তিত। লকডাউনে সরকারের পক্ষ থেকে কিংবা ধনী লোকের পক্ষ থেকে ত্রাণ না-পেলে যে দুর্ভোগ হবে, তা ভাষায় প্রকাশ করার মতো না।’
