ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের একই পরিবারের ৬ জনসহ নিহত ৯

আপলোড তারিখঃ 2021-03-22 ইং
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের একই পরিবারের ৬ জনসহ নিহত ৯ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুটি ইউনিয়নে চলছে শোকের মাতম। স্বজন হারানোর কান্নায় ভারি হয়ে উঠছে সীমান্তের কয়েকটি গ্রাম। ডুকরে ডুকরে কান্নার আওয়াজ আসছে ঘর থেকে। সে এক হৃদয়বিদারক দৃশ্য। গতকাল রোববার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে একই পরিবারের ৬জনসহ মোট ৯জন। নিহতরা হলেন- ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক ও বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাগানমাঠ গ্রামের এড. আব্বাস আলী, তাঁর ভাগিনা মাইক্রোচালক আল আমিন, ভৈরবা গ্রামের বৃদ্ধা মিয়াজান বিবি (৬৬), তাঁর মেয়ে আমেনা খাতুন, পুত্রবধু কুটি বিবি, নাতজামাই জুয়েল হোসেন, পুতনি মরিয়ম নেছা ও তাঁর ৫ বছরের শিশু এবং নিকটাআত্মীয় সামন্তা গ্রামের নজরুল ইসলাম। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মণ্ডল বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মিয়াজান বিবির ছেলে মোহর আলী ২০১৪ সালে স্ত্রী, ছেলে মেয়ে রেখে ঢাকার সাভারে বসবাস করতেন। সেখানে তিনি হিজড়াদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে তাঁদের মতোই জীবনযাপন শুরু করেন। হিজড়াদের দলে থেকে বিপুল সম্পদের মালিক হন মোহর আলী। ব্যাংকে এই টাকা গচ্ছিত আছে। ২০২০ সালে মোহর আলী মারা যান। ছেলের এই টাকার মালিকানা দাবী করেন বৃদ্ধা মিয়াজান বিবি। আইনগত প্রক্রিয়া শেষ করে দুজন আইনজীবী নিয়ে গতকাল মিয়াজন বিবির পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাসযোগে ঢাকার সাভারে যাচ্ছিলেন। পথের মধ্যে মাইক্রোবাসটি মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়। এই মৃত্যুর খবর মহেশপুরের বাগানমাঠ, সামন্তা ও ভৈরবা গ্রামে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)