ছবির ক্যাপশন:
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন কেউ করোনা আক্রান্ত নেই
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ১ হাজার ৬৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৫৫ হাজার ২২২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৫১৫ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯ হাজার ১৭২ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৬ দশমিক ৬২ শতাংশ। ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির মৃত্যুর ঘোষণা আসে ১৮ মার্চ। দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। মে মাসের শেষ সপ্তাহ থেকে আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। ডিসেম্বর থেকে সংক্রমণ আবার কমতে শুরু করে। তবে তিন সপ্তাহের বেশি সময় ধরে সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী। করোনা মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন কেউ করোনা শনাক্ত হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭২ জন। গতকাল শুক্রবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। গতকাল জেলায় হোম আইসোলেশন থেকে নতুন দুজন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৬১৭ জন।
জানা যায়, গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ কের। গতকাল উক্ত ৫টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য কোন নমুনা সয়গ্রহ করেনি। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এপর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৮ হাজার ২৩০টি, প্রাপ্ত ফলাফল ৮ হাজার ৪৩টি, পজিটিভ ১ হাজার ৬৭২টি, নেগেটিভ ৫ হাজার ৯৩০টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় মাত্র ৫ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আক্রান্তদের মধ্যে ২ জন হোম আইসোলেশন ও অন্য ৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫০ জনের। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
