ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা যুব উন্নয়নের ৪৮টি ফ্যান চুরির ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জাফরপুরে যুব উন্নয়নের ৪৮টি সিলিং ফ্যান চুরির ঘটনায় একই এলাকার দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ৩০টি ফ্যান। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জাফরপুর ও নূরনগর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নূরনগর স্টেডিয়াম পাড়ার আব্দুর রহমান লিটনের ছেলে আব্দুল ওদুদ (১৭) ও জাফরপুর মালোপাড়ার মতিয়ার রহমান টোটনের ছেলে মুমিত হোসেন (১৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মার্চ চুয়াডাঙ্গা যুব উন্নয়নের হোস্টেল সুপার সহিদুল ইসলাম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় সিলিং ফ্যান চুরির একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, যুব উন্নয়নের একটি ভবনের দ্বিতীয় তলা হতে পঞ্চম তলা পর্যন্ত ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হয়। ওই ছাত্রাবাসে ২১টি কক্ষে ৪২টি সিলিং ফ্যান এবং টিভি কক্ষের ৬টি সিলিং ফ্যান কে বা কারা চুরি করে নিয়ে গেছে। ঘটনার দিন সকালে তিনি ওই ভবনগুলো পরিদর্শনে গিয়ে সিলিং ফ্যান চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে সদর থানার পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে মাঠে নামে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সদর থানার পুলিশ গতকাল দুপুরে ওই দুজনকে গ্রেপ্তার করে। একই সাথে ৩০টি ফ্যান উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলাতে আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে সদর থানার পুলিশ।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, চুরির ঘটনার খবর পেয়েই জড়িতদের আটক করে আইনের আওতায় আনতে বিভিন্ন কৌশলে কাজ করছিল পুলিশ। তিনি আরও বলেন, এ ঘটনার সাথে আর কে বা কারা জড়িত আছে, তাও অনুসন্ধান চালানোসহ বাকি ফ্যানগুলো উদ্ধারে সদর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
