কেনাকাটা করতে যেয়ে কেউ যেন প্রতারণার শিকার না হয়

আপলোড তারিখঃ 2021-03-07 ইং
কেনাকাটা করতে যেয়ে কেউ যেন প্রতারণার শিকার না হয় ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাসব্যাপী বিসিক শিল্প মেলার উদ্বোধনকালে ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, ‘এই মার্চ মাস আমাদের জীবনে অনেক ঘটনা ঘটেছে। স্বাধীনতার ৫০ বছর হয়ে যাচ্ছে এই মাসেই। এ জন্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উদ্যাপন করছি। এতোগুলো আনন্দের মাঝে সারা বাংলাদেশে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে, যেন মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে পারি। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন আমাদের দেশের ব্যবসায়ীদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ব্যবসা কিছুটা হলেও মন্দা অবস্থায় চলছিল। এতে করে কিছুটা লাভবান হবেন ব্যবসায়ীরা। এই মেলার কারণে আর্থিকভাবে তাঁরা যাতে কিছুটা স্বচ্ছলতা ফিরে পান, সেটি খেয়াল রাখতে হবে। কেউ কেনাকাটা করতে যেয়ে যেন প্রতারণার শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’ গতকাল শনিবার চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মাসব্যাপী বিসিক শিল্প মেলা-২০২১’র উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এর আগে ফিতে কেটে এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। পরে চুয়াডাঙ্গা জেলা বিসিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক শামসুজ্জমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান ও চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, মেলার সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মিরপুরের জয়নাল আবেদিন, বরিশালের আলী আজগর এবং গোপালগঞ্জের সাহেদুল ইসলাম চান। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। বিসিক চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মোট ৮৪ টি স্টল নিয়ে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় আছে মেয়েদের হস্তশিল্প, পোশাক ও বিভিন্ন ধরণের দেশীয় পণ্য। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা স্বাস্থ্যবিধি মেনে চলবে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মেলার আয়োজক কমিটির সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)