কালীগঞ্জসহ ২৯ পৌরসভায় ইভিএমে ভোট আজ

আপলোড তারিখঃ 2021-02-28 ইং
কালীগঞ্জসহ ২৯ পৌরসভায় ইভিএমে ভোট আজ ছবির ক্যাপশন:
চার উপজেলায় হবে উপনির্বাচন : ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৫ স্তরের নিরাপত্তা সমীকরণ প্রতিবেদক: পঞ্চম ধাপে ঝিনাইদহের কালীগঞ্জসহ দেশের ২৯ পৌরসভায় নির্বাচনী লড়াই হবে আজ। উৎসবমুখর এ নির্বাচন নিয়ে যেমন রয়েছে উত্তেজনা, তেমন শঙ্কা ভোটার ও প্রার্থীদের মধ্যে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এ ধাপে সব পৌরসভায় ইভিএমে হবে ভোট। বিগত চার ধাপের পৌরসভা নির্বাচনে সংঘাত-সহিংসতা হওয়ায় এ ধাপের ভোট নিয়ে উত্তেজনা রয়েছে সব নির্বাচনী এলাকায়। অনেক প্রার্থী কেন্দ্র দখলের শঙ্কাও প্রকাশ করেছেন। এ ছাড়া ভোটার, এজেন্ট ও প্রার্থীদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। করোনাকালে এ নির্বাচনে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনাও দিয়েছে ইসি। ভোট দেওয়ার আগে-পরে কেন্দ্রে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। এ ছাড়া আজ ঝিনাইদহের শৈলকুপা, কুমিল্লার দেবিদ্বার, ফরিদপুরের মধুখালী, রাজশাহীর পবা উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে। এদিকে পৌরসভার মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হলেও বিদ্রোহী এবং কাউন্সিলর প্রার্থীদের মধ্যে অনেক সময় সংঘাতের ঘটনা দেখা দিয়েছে। চার ধাপের ভোটে বিভিন্ন এলাকায় সহিংসতা-গোলযোগের ঘটনা ঘটেছে, পঞ্চম ধাপে সংঘাত-সহিংসতা হবে বলে মনে করছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। কালীগঞ্জ: আজ রোববার সারা দেশের সাথে ৫ম ও শেষ ধাপে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে নির্বাচন ঘিরে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। নির্বাচনের আগাম প্রস্তুতি হিসেবে গতকাল শনিবার দুপুর আড়াইটার পর থেকে বিকেল পর্যন্ত সকল ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম)সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল জিনিসপত্র। সহকারী রিটার্নিং অফিসার ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পৌরসভায় ২১ কেন্দ্রের সবকটিতে আধুনিক প্রযুক্তি ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন সুষ্ঠু করতে আগেই ভোটগ্রহণের দায়িত্ব পালনকারীদের দেওয়া হয়েছে যাবতীয় প্রশিক্ষণ। আগেই শনিবার দুপুরে স্ব-স্ব কেদ্রের প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পোলিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনী সামগ্রী গ্রহণ করে সরঞ্জামাদি নিয়ে ভোট কেন্দ্রগুলোতে পৌঁছেও যান। প্রতিটি কেন্দ্রে থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসারসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। আর পৌর এলাকায় টহলরত তিন প্লাটুন বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে, পৌর নির্বাচনকে সুষ্ঠ অবাধ করতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ইঞ্জিনচালিত সকল যানবাহন বন্ধের জন্য ৪দিন আগেই জেলা প্রশাসন তথ্য অফিসের মাধ্যমে পৌর এলাকায় নানা বিধিনিষেধ জারি করে মাইকিং করা হয়। ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রোকনুজ্জামান জানান, ২৭ ফেব্রুয়ারি রাত ১২ টা থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্ত হাইওয়ে সড়কে যান চলাচল শিথিল থাকারও ঘোষণা দেওয়া হয়। তবে নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ ও গ্যাস কার্যক্রমে কোনো রকম বাধাগ্রস্থ হবে না। নির্বাচন অফিস আরও জানায়, ৫ম ও শেষ ধাপের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ৪০ হাজার ৫ শত ৭৭ জন ভোটার রয়েছেন। নির্বাচনে মোট ৪ জন মেয়র প্রার্থী ও ৯ ওয়ার্ডে মোট ৫০ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২১ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাফুজুর রহমান জানান, নির্বচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাব, ডিবি, বিজিবি, স্টাইকিংফোর্স সদা প্রস্তুত রয়েছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে সাদা পোষাকধারী বিশেষ বাহিনীর সদস্যরাও ভেটারদের নিরাপত্তায় কাজ করছেন। আশা করছেন কোন রকমের বিশৃংখলা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, প্রতিটি ভোটকেন্দ্রে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও উপস্থিত রয়েছেন। এছাড়া কেন্দ্রের বাড়তি নিরাপত্তার জন্য ২১ টি কেন্দ্রে মোট ১৭ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা নির্বাচনে কোনও অনিয়ম দেখলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)