ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় রংধনু টাওয়ার নির্মাণকাজের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ব্যক্তি মালিকানায় যৌথ উদ্যোগে ৬ তলা বিশিষ্ট ‘রংধনু টাওয়ার’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা শহরের কাটপট্টির ভেতরে ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, যৌথ উদ্যোগে ভবন নির্মাণ চুয়াডাঙ্গার জন্য উদাহরণ। এর মাধ্যমে যেমন জমি বাঁচে, ঠিক তেমনি পাওয়া যায় একটি সোসাইটি। যেখানে সকলে একে অপরের পরিচিত থাকে। বিপদে-আপদে পাশে দাঁড়ায়। এ ধরনের নির্মাণ চুয়াডাঙ্গায় আরও বেশি উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন বাংলাদেশে ৮০ বিঘা করে চাষের জমি কমছে। মানুষের প্রয়োজনে বাড়ির সংখ্যা বাড়ছে। বাড়ির সাথে সাথে জমিও লাগছে। যৌথভাবে বাড়ি বানালে, একসঙ্গে পরিবারের সব ভাই থাকতে পারবে। আলাদা আলাদা করে বাড়ি বানাতেও হবে না, অনেক জমিরও প্রয়োজন হবে না। পৌরসভার আইন মেনে বাড়ি নির্মাণ করতে হবে। তাহলে কোনো সমস্যা হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে রংধনু টাওয়ারের অন্যতম মালিক সাবেক উপজেলা শিক্ষা অফিসার আকবর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, লিটু বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাদের, জেলা সিপিবির সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।
চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেনের উপস্থাপনায় এ সময় রংধনু টাওয়ারের মালিকগণের মধ্যে রেনু খাতুন, নাজনীন নাহার, আখতার হোসেন, জিল্লুর রহমান, আব্দুল মতিন, রিমা, কামরুজ্জামান, শামিমা নাসরীন, মর্জিনা খাতুন, আসমা খাতুন, মহিদুল ইসলাম, আকরামুল হক, শায়লা শারমিন, আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।
