ছবির ক্যাপশন:
ছোট পরিমাপের ইট তৈরির অপরাধে জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
ছোট পরিমাপের ইট তৈরি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে জীবননগরের তিন ইটভাটাকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ার দেহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নির্ধারিত পরিমাপ থেকে ছোট পরিমাপের ইট তৈরি ও মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৮ ধারায় মেসার্স পিয়াস ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স সরকার ব্রিকসকে ৪০ হাজার টাকা ও মেসার্স নিউ ব্রিকসকে ৪০ হাজার টাকাসহ অভিযানে ৩টি ইট ভাটাকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় উপস্থিত জনসাধারণকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্যাবের সভাপতি অ্যাড. মানিক আকবর ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। নিরাপত্তায় ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।
