কাটছে শঙ্কা, বাড়ছে টিকায় আগ্রহ; নিবন্ধনে ব্যাপক সাড়া

আপলোড তারিখঃ 2021-02-09 ইং
কাটছে শঙ্কা, বাড়ছে টিকায় আগ্রহ; নিবন্ধনে ব্যাপক সাড়া ছবির ক্যাপশন:
দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গায় ১৯৫ জনসহ সারা দেশে টিকা নিলেন ৪৬ হাজার ৫০৯ জন সমীকরণ প্রতিবেদন: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী শুরু হয়েছে গণ-টিকাদান কর্মসূচি। ভিআইপি, সম্মুখসারির কর্মীদের পাশাপাশি টিকা নিচ্ছেন সব শ্রেণি-পেশার মানুষ। বাড়ছে নিবন্ধনকারীর সংখ্যা। ৪০ বছরের বেশি বয়সী ও টিকাগ্রহীতা ব্যক্তির পরিবারের টিকাদান নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশব্যাপী টিকাদান শুরুর পর টিকা নিয়ে কাটতে শুরু করেছে শঙ্কা। এত দিন যাদের মধ্যে নানা দ্বিধাদ্বন্দ্ব ছিল তারাও এখন নিবন্ধন করছেন। টিকা নেওয়ার জন্য অপেক্ষায় আছেন। দেশব্যাপী টিকাদান শুরুর দ্বিতীয় দিনে সারা দেশে ৪৬ হাজার ৫০৯ জন টিকা গ্রহণ করেছেন। এছাড়া গতকাল সোমবার বিকাল সাড়ে ৬টা পর্যন্ত টিকাদানের জন্য অনলাইনে সর্বমোট নিবন্ধন করেছেন পাঁচ লাখ ১২ হাজার পাঁচজন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকাদান শুরু হওয়ার গত দুই দিনে ৭৭ হাজার ৬৬৯ জন করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। এর মধ্যে ৫৯ হাজার ৭০০ জন পুরুষ এবং ১৭ হাজার ৯৬৯ জন নারী টিকা গ্রহণ করেছেন। চুয়াডাঙ্গা: সারা দেশে চলমান টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গায় আরও ১৯৫ জন টিকা নিয়েছেন। এ নিয়ে দুই দিনে চুয়াডাঙ্গায় টিকা নিলেন ৫৬৫ জন। টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনের গতকাল সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে বেলা আড়াইটা পর্যন্ত। সুরক্ষা অ্যাপসে নিবন্ধন করা ব্যক্তিরায় কেবল টিকা নিতে পারছেন। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাজিদ হাসান, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কেন্দ্র থেকে টিকা নিয়েছেন ৫৮ জন, বিজিবি হাসপাতাল থেকে ৪১ জন ও পুলিশ হাসপাতাল থেকে ৭ জন। এ নিয়ে সদর উপজেলা থেকে মোট টিকা নিয়েছেন ১০৬ জন। এছাড়াও আলমডাঙ্গা উপজেলায় ২০ জন, দামুড়হুদা উপজেলায় ২০ জন ও জীবননগর উপজেলা থেকে আরও ৪৭ জন টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর প্রত্যেক টিকা গ্রহীতাকে সেখানে আধাঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম করোনার টিকা নেওয়ার পরবর্তীতে টিকা গ্রহীতাদের মধ্যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে কী না, সে বিষয়ে নজর রাখেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)