চুয়াডাঙ্গা ও মেহেরপুরে কাঙ্খিত টিকা আসছে আজ

আপলোড তারিখঃ 2021-01-29 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে কাঙ্খিত টিকা আসছে আজ ছবির ক্যাপশন:
সারা দেশে করোনার টিকা পাঠানো শুরু, প্রয়োগ করা হবে ৭ কিংবা ৮ ফেব্রুয়ারি সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় আজ আসছে করোনাভাইরাসের কাঙ্খিত টিকা (ভ্যাকসিন)। আগামী ৭ কিংবা ৮ ফেব্রুয়ারি এই বিভাগে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এসব টিকা সংরক্ষণের জন্য জেলা-উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগ আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। একই সঙ্গে টিকা দেওয়ার জন্য জেলা, উপজেলা ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে টিকা দিতে কর্মীদের প্রশিক্ষণ শেষ হয়েছে। এখন তাঁরাই স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান করবেন। একই সঙ্গে টিকা দেওয়ার জন্য হাসপাতালের বুথ স্থাপন করে সেগুলো প্রস্তুত করা হয়েছে। এদিকে, টঙ্গী বেক্সিমকো ওষুধ কারখানায় রাখা করোনাভাইরাসের টিকা বাংলাদেশের প্রতিটা জেলায় পাঠানো শুরু করেছে ওষুধ প্রশাসন। টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি শাহ্ আলম জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় এ কার্যক্রম শুরু করেছে বেক্সিমকো ওষুধ কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। ভারত থেকে আাসা ৫০ লাখ টিকা এখানে রক্ষিত ছিল। গতকাল বৃহস্পতিবার প্রথম পর্যায়ে ২৬ লাখ ৪ হাজার ডোজ টিকা দেশের ৩৪ টি জেলায় পাঠানো শুরু হয়েছে। টঙ্গীর বেক্সিমকো কারখানা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত ফ্রিজার গাড়ী করে টিকা গুলো পাঠানো হবে। ওসি শাহ্ আলম আরও জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৩৪টি জেলা প্রশাসনের কাছে টিকার ডোজ পৌছানোর খবর আগেই অবহিত করা হয়েছে। গাজীপুর অংশ পর্যন্ত টিকার গাড়ীগুলোকে পুলিশের স্কটে অন্য জেলা পুলিশের কাছে পৌঁছে দেবে পুলিশের দল। এমনি ভাবে গাজীপুর মহানগর পুলিশ শুক্রবার ভোর রাত পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাবে। টঙ্গী চেরাগআলী বেক্সিমকো ওষুধ কারখানা থেকে করোনা টিকার প্রথম চালান পাঠানোর সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন- আহমেদ ইমরানুল হক, মাহবুব আলম, কাজী নাদিম আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের উপ পুলিশ কমিশনার ইলতুৎমিশ, টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ্ আলম, তদন্ত জাহিদুল ইসলাম প্রমুখ। যে ৩৪ টি জেলায় করোনার টিকা গুলো পাঠানো হচ্ছে সেগুলো হচ্ছে- চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, বিবাড়িয়া, হবিগব্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নরসিংদী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, মাগুরা, নড়াইল, পাবনা, নাটোর, রাজশাহী, চাপাইনবয়াবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, ও জয়পুরহাট। শুক্রবার স্থানীয় জেলা গুলোর সিভিল সার্জনগন করোনার টিকা গুলো নিজ দায়িত্বে প্রশাসনের সহায়তায় গ্রহন করবেন। সূত্র জানায়, প্রতি কার্টনে ১ হাজার ২০০ ভায়েল (শিশি) টিকা রয়েছে। প্রতি ভায়েলে রয়েছে ১০টি ডোজ। প্রথম ধাপে ১৫টি শ্রেণির (ক্যাটাগরি) ব্যক্তিরা এই টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এর মধ্যে রয়েছে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নিয়োজিত সরকারি-বেসরকারি সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মী, ৭৬ বছরের ঊর্ধ্বে বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য, বিচার বিভাগ, মন্ত্রণালয়, সচিবালয়, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সব নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষাকর্মী, ব্যাংক-বিমার কর্মীরা, বীর মুক্তিযোদ্ধা, সরকারি ও স্বায়ত্তশাসিত বিদ্যুৎ, পানি, গ্যাস ও অগ্নিনির্বাপককর্মী, এনজিওকর্মী, দাফন ও সৎকারকর্মী, সিটি করপোরেশন ও পৌরসভার অন্যান্য ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত ব্যক্তিরা। করোনার টিকা পেতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে: করোনার টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে ‘সুরক্ষা’ নামক ওয়েব পোর্টালে (িি.িংঁৎড়শশযধ.মড়া.নফ)। অ্যান্ড্রয়েড বা অ্যাপল প্লে স্টোর থেকেও সুরক্ষা মোবাইল অ্যাপ ডাউনলোড করেও করা যাবে নিবন্ধন। সেখানে গিয়ে ‘নিবন্ধন’ বাটনে ক্লিক করে প্রথমে ধরন নির্বাচন করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, জন্মতারিখ (এনআইডি অনুযায়ী) দিতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে নিবন্ধন করা যাবে না। ১৮ বছরের কম বয়সীরাও নিবন্ধন করতে পারবে না। তথ্যগুলো ঠিকমতো দিলে বাংলায় ও ইংরেজিতে নাম দেখাবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। দীর্ঘমেয়াদি রোগ বা কো-মরবিডিটি থাকলে সেটা বলতে হবে। টিকা গ্রহণকারীর পেশা এবং কোভিড-১৯ সংশ্লিষ্ট কোনো কাজের সঙ্গে তিনি জড়িত কি না, সেটি বলতে হবে। সবশেষে টিকা গ্রহণকারীর বর্তমান ঠিকানা ও কোন কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, সেটি দিলে নিবন্ধন সম্পন্ন হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)