ছবির ক্যাপশন:
দর্শনা পৌরসভা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ডিসি নজরুল ইসলাম সরকার
প্রতিবেদক, দামুড়হুদা:
দর্শনা পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা ও আচরণবিধি প্রতিপালনবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, দেশের অন্যান্য পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের ঘটনা ঘটলেও দর্শনা পৌরসভা নির্বাচন নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তা ছাড়া এখানে যারা বক্তব্য দিয়েছেন, তাঁরাও বলেছেন দর্শনা পৌর নির্বাচনকে ঘিরে এলাকায় চমৎকার পরিবেশ বিরাজ করছে। এটা ধরে রাখতে হবে। তিনি প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীর উদ্দেশ্যে আরও বলেন, ‘আপনারা একে অপরের প্রতি সহনশীল আচরণ করবেন। কোনোভাবেই যেন পরিবেশ খারাপের দিকে না যায়। যিনি জিতবেন, তিনি পরাজিত প্রার্থীকে কাছে টেনে নিবেন, আবার যিনি হেরে যাবেন, তিনিও পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থীর দিকে হাত বাড়িয়ে দিবেন। এক কথায় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে সহনশীল আচরণ করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকে, চেকপোস্টসহ সার্বক্ষণিক মোবাইল টিমের টহল থাকবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন। তিনি সকল প্রার্থীর উদ্দেশ্যে আরও বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবে। আপনারা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করবেন। কারণ ব্যবহারে বংশের পরিচয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ, সহকারী রিটার্নিং অফিসার ও দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার ইসাহক আলী, মেয়র প্রার্থী মতিয়ার রহমান, হাবিবুর রহমান বুলেট, আশকার আলীসহ সকল কাউন্সিলর প্রার্থী।
