কেন্দ্রের আশির্বাদ পেতে পার করছেন ব্যস্ত সময়

আপলোড তারিখঃ 2021-01-28 ইং
কেন্দ্রের আশির্বাদ পেতে পার করছেন ব্যস্ত সময় ছবির ক্যাপশন:
কালীগঞ্জ পৌর নির্বাচন : ভোটের মাঠ ছেড়ে অনেক প্রার্থীই এখন ঢাকায় রিয়াজ মোল্যা, কালীগঞ্জ: পঞ্চম ধাপের তফসিল ঘোষণার পরপরই ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচনে অংশ নিতে সম্ভাব্য প্রার্থীরা এখন ভোটের মাঠে। মেয়র পদে এখন পর্যন্ত ১০ জন প্রার্থীর আবির্ভাব ঘটেছে। তাঁদের কেউ কেউ জোরে সোরে, কেউ আবার উপরের সিগন্যালের আশায় ঢিমেতালে, কেউবা শুধুমাত্র নিজের নাম ফোটাতেই ভোটের মাঠে ঘুরছেন। আর কাউন্সিলর পদে অংশ নিতে ৯টি ওয়ার্ডের প্রার্থীরা দোয়া প্রার্থনা করে পাড়া-মহল্লার মোড়ে মোড়ে উচ্চ ভবনে ও বিদ্যুতের পিলারে ফেস্টুন সাটিয়েছেন। এরমধ্যে বেশির ভাগই আবার কম খরচে প্রার্থীতা জানান দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সওয়ার হয়েছেন। রাজনৈতিক দলগতভাবে এ উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি বড় দুটি দলেই আভ্যন্তরিণভাবে দুটি করে গ্রুপ বিদ্যমান আছে। সেই সূত্রেই স্থানীয়ভাবে দলীয় প্রার্থী বাছাই নিয়েও চলছে তাদের কোন্দল। ইতোমধ্যে এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিতে ওই দুটি দলের স্ব স্ব গ্রুপ থেকে দু’জন করে প্রার্থীর নামও উঠে এসেছে। দলীয়ভাবে এবার ভোটের মাঠে থাকা ১০ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফসহ ৮ জনই নৌকার মনোনয়ন প্রত্যাশী। আর বিএনপির থেকে দু’গ্রুপের দু’জন ধানের শীষ প্রতীকের আশায় রয়েছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি এ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় আওয়ামী লীগের মধ্যে দীর্ঘদিন ধরে বিদ্যমান দু’টি গ্রুপের মধ্যে এক গ্রুপের নেতৃত্বে আছেন বর্তমান সরকার দলীয় সাংসদ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। ইতোমধ্যে জেলা আওয়ামী লীগের মেয়র প্রার্থী বাছাই নির্দেশনায় গত ৪ ডিসেম্বর পৌর আওয়ামী লীগের সভায় বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফকে একক মেয়র প্রার্থী নাম চূড়ান্ত করে জেলা ও কেন্দ্রে পাঠিয়েছেন। তিনি এমপি আনার পক্ষীয় অনুসারী। অপর দিকে পাল্টা গ্রুপের নেতৃত্ব দেওয়া সাবেক সাংসদ আব্দুল মান্নান গ্রুপ তার ভাইপো উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহেদ কবির লিমনকে মেয়র প্রার্থী করে নাম পাঠিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগের থেকে নৌকার টিকিট পাওয়ার জন্য আরও ৬ জন প্রার্থী সমান তালে আ’লীগের জেলা ও কেন্দ্রে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। তারা হলেন, যুবলীগ নেতা ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রেজাউল করিম রেজা, বর্তমান এমপি আনোয়ারুল আজিম আনারের ভাই এনামুল হক ইমান, সাবেক এমপি আব্দুল মান্নানের ভাই আব্দুর রশিদ খোকন ও পৌর আ’লীগের প্রচার সম্পাদক প্রশান্ত কুমার খাঁ। অন্যদিকে কালীগঞ্জে দীর্ঘদিন ধরেই বিএনপির মধ্যে শক্ত দুটি গ্রুপ বিদ্যমান থাকায় তারাও পৃথক পৃথক মেয়র প্রার্থী ঘোষণা দিয়েছে। গত সাংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থী ও সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ গ্রুপ থেকে মেয়র পদে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মাহাবুবুর রহমানের নাম ঘোষণা করেছে। অপর গ্রুপ সাবেক সাংসদ শহিদুজ্জামান বেল্টু ও উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদ গ্রুপ থেকে পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমান প্রার্থী হচ্ছে। তবে, সর্বশেষ গত সোমবার জেলা বিএনপি কার্যালয়ে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়কদের নিয়ে একটি সভার মাধ্যমে একক দলীয় প্রার্থী হিসেবে সাবেক মেয়র ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মাহবুবার রহমানের নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠিয়েছেন বলে জানা গেছে। তাদের উভয় গ্রুপই এখন কেন্দ্রের সবুজ সংকেত ধানের শীষ প্রতিকের আশায় বসে আছেন। সব মিলিয়ে এ পৌরসভার নির্বাচনে আ’লীগ ও বিএনপি বড় দুটি দলের মধ্যেই প্রার্থী চুড়ান্ত করা নিয়ে নেতা কর্মীদেরকে কেন্দ্রের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। এদিকে, এখন পর্যন্ত আ’লীগ ও বিএনপি থেকে একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও জাতীয় পার্টি, জামায়াত বা অন্য কোন দলের থেকে কারো নাম শোনা যায়নি। তাই সর্ব্বত্রই সাধারণ ভোটারদের মুখে মুখে একটিই আলোচনা কে কে হচ্ছেন নৌকা বা ধানের শীষের প্রার্থী। নির্বাচনে প্রার্থীদের নিয়ে ভোট বিশ্লেষণে সাধারণ ভোটারদের অভিমত, মেয়র পদে প্রার্থী হওয়া নিয়ে এখন পর্যন্ত একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও শেষ অবধি হয়ত ৩/৪ জন প্রার্থী ভোটের মাঠে থাকতে পারেন। এদের অনেকেই আবার শুধুমাত্র নাম ফোটাতেই প্রার্থীতা জাহির করছেন বলে বে-রসিক ভোটাররা দোকানে চায়ের কাপে আড্ডায় ঝড় তুলছেন। সব মিলিয়ে দলীয় প্রতিকের উপরই নির্ভর করছে এ পৌরসভার ভোটযুদ্ধ। যে কারণেই আ’লীগ ও বিএনপির ভাইটাল প্রার্থীরা এখন ভোটের মাঠ ছেড়ে কেন্দ্রে তদবির ও নেতাদের আশির্বাদ পেতে ব্যস্ত সময় পার করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)