ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় শিক্ষা ও ক্রীড়া-সামগ্রী বিতরণকালে ডিসি নজরুল ইসলাম সরকার
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ, সিলিং ফ্যান ও ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ জাইকার অর্থায়নে এবং সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের কিছু টার্গেট আছে। বর্তমান সরকার দিনবদলের সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখী-সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলেছেন। উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, সোনার বাংলা বিনির্মাণ করতে হলে প্রথমেই প্রয়োজন মানুষকে সোনার মানুষে পরিণত করা। একমাত্র শিক্ষকরাই পারে সেই সোনার মানুষ পরিণত করতে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কুণ্ডু, স্থানীয় সরকার বিভাগ (জাইকা)’র উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসলিটি আকতারুজ্জামন প্রমুখ। সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা, উপজেলা প্রকৌশলী আরিফুদ্দৌলাসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের কাছে প্লাস্টিকের বেঞ্চ, সিলিংফ্যান ও ক্রীড়া-সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়।
