ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর পাথিলায় বিএডিসি’র চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার সময় বিএডিসি’র আয়োজনে অতিরিক্ত মহাব্যবস্থাপক সিডিপি (ক্রপস) ইকবাল হোসেনের সভাপতিত্বে পাথিলা আলু হিমাগারে জীব প্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন বর্ধিতকরণ, মান নিরুপন ও প্রযুক্তির বিপ্লব প্রকল্পের আওতায় চাষী সমাবেশ ও প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিএডিসির চেয়ারম্যান ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসিরুজ্জামান বলেন, এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃষি খামার দত্তনগরকে আলু বীজ উৎপাদনে দেশের কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। এ অঞ্চলের কৃষকদের উৎপাদিত আলু বীজ অত্যন্ত মান সম্মত হওয়ায় দেশে ব্যাপক চাহিদা রয়েছে। আমরা হাইব্রিড জাতের বীজ উৎপাদন করছি এবং মানসম্মত বীজ বিদেশে রপ্তানিও হচ্ছে। কৃষি ও শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করতে না পারলে দারিদ্রকে শুন্যের কোটায় নিয়ে যাওয়া যাবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (বীজ) নুর মোহাম্মদ মন্ডল, সদস্য পরিচালক (বীজ উদ্যান) মাহমুদ হোসেন, প্রকল্প পরিচালক ড.মো: রেজাউল করিম ও অতিরিক্ত ব্যবস্থাপক (খামার) আজাহারুল ইসলাম। এ ছাড়াও বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা ও শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমান উল্যাহ। চাষী সমাবেশে জীবননগর ও পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার দুই শতাধিক আলু চাষী উপস্থিত ছিলেন। এ সমাবেশে কৃষকদেরকে আলুর টিস্যু কালচারের ওপর প্রশিক্ষণ দেয়া হয়। সমাবেশে দত্তনগর কৃষি খামারের অধীনে পাঁচটি খামারের উপ-পরিচালকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প পরিচালক ও যুগ্ম-পরিচালক (মান নিয়ন্ত্রক) ড.রেজাউল করিম।
