ছবির ক্যাপশন:
দ্বিতীয় ধাপের পৌর নির্বাচন : সব প্রস্তুতি সম্পন্ন, গাংনী-শৈলকুপাসহ ৬০ পৌরসভায়
সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুরের গাংনী ও ঝিনাইদহের শৈলকুপাসহ দ্বিতীয় ধাপে সারা দেশের ৬০ পৌরসভায় ভোট গ্রহণ আজ। উৎসবমুখর এ নির্বাচন নিয়ে যেমন রয়েছে উত্তেজনা তেমন শঙ্কা ভোটার ও প্রার্থীদের মধ্যে। উদ্বিগ্ন খোদ নির্বাচন কমিশন। কয়েক দিন থেকে বিভিন্ন পৌরসভায় সংঘাত-সহিংসতা ও খুনোখুনি ঘটছে। ভোটার, এজেন্ট ও প্রার্থীদের হুমকি-ধমকির দেওয়ার অভিযোগ উঠেছে। তাই সংশ্লিষ্ট পৌরসভায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। করোনাকালে এ নির্বাচনে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনাও দিয়েছে তারা। ভোট দেওয়ার আগে-পরে কেন্দ্রে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। এর আগে ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৪ পৌরসভায় ভোট গ্রহণের মধ্য দিয়ে তৃণমূলে এ উৎসব শুরু হয়। চার ধাপে এ নির্বাচন শেষ করবে কমিশন।
জানা যায়, আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এ ধাপে ২৯ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ও ৩১টিতে ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে। নির্বাচন বিশ্লেষকদের মতে দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের নৌকা ও বিএনপির ধানের শীষের মেয়র প্রার্থীদের মধ্যে মূলত নির্বাচনী লড়াই হবে। তবে অনেক পৌরসভায় শক্ত অবস্থানে আছেন বিদ্রোহী ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরাও। এ নির্বাচনে মোট প্রার্থী ৩ হাজার ১৭২ জন। মেয়র পদে ২১৬, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭২৪ আর সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ২৩২জন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের চার প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। সেগুলো হলো- সিরাজগঞ্জের কাজিপুর, পাবনার ভাঙ্গুড়া, পিরোজপুরের সদর ও নারায়ণগঞ্জের তারাব পৌরসভা। এ চার পৌরসভায় মেয়র পদে ভোট হবে না। এ ছাড়া সাতজন সাধারণ কাউন্সিলরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি শেষ করেছে ইসি। নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারের সদস্যরা। আজ সকালে কেন্দ্রে ব্যালট পাঠাবে ইসি।
এদিকে, মেহেরপুরের গাংনী পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩৭ জন কাউন্সিলর প্রার্থী, ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র আহম্মেদ আলী, বিএনপি প্রার্থী আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আশরাফুল ইসলাম, ব্যবসায়ী আনারুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবু হুরায়রা।
গাংনী পৌরসভা নির্বাচনে এবার মোট ভোটারের সংখ্যা ২০ হাজার ৩৫৭। যা ২০১৫ সালের নির্বাচনের ভোটার থেকে ২ হাজার ৮শ’ বেশি। নির্বাচন কমিশন গত ১১ নভেম্বর সর্বশেষ গাংনী পৌরসভার ৯টি ওয়ার্ডের এ ভোটার তালিকা প্রকাশ করে। এবারের নির্বাচনে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৬০ জন ও মহিলা ভোটারের সংখ্যা ১০ হাজার ৫৯৭ জন।
ভোট কেন্দ্রগুলো হচ্ছে- ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২ নম্বর ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩ নম্বর ওয়ার্ডে চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ নম্বর ওয়ার্ডে গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ৫ নম্বর ওয়ার্ডে পশ্চিম মালসাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬ নম্বর ওয়ার্ডে গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭ নম্বর ওয়ার্ডে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, ৮ নম্বর ওয়ার্ডে গাংনী মহিলা ডিগ্রি কলেজ এবং ৯ নম্বর ওয়ার্ডে থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গাংনী পৌরসভা নির্বাচনে রির্টার্নিং কর্মকর্তা ও মেহেরপুর জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী জানিয়েছেন নির্বাচনী এলাকায় ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ৯টি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যর পাশাপাশি দায়িত্ব পালন করবেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও বিজিবি দু’টি দলের সাথে রয়েছেন দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। টহল দলে আরও থাকছেন র্যাব সদস্যরা।
অপর দিকে, কাউন্সিলর প্রার্থীসহ দুইজন মৃত্যুর শোকবহ পরিবেশে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার আজ (শনিবার) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে ঝিনাইদহ জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আইনশৃঙ্খলা ঠিক রাখতে গতকাল শুক্রবার থেকেই শৈলকুপা পৌর এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি। ভোটারদের মধ্যে উদ্বেগ আর উৎকণ্ঠা থাকলেও বড় ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৭ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, আইনসার বাহিনী ও পুলিশ সদা প্রস্তুত রাখা হয়েছে। ১৫টি ভোট কেন্দ্রের মধ্যে সবগুলো ঝুকিপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।
এদিকে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান জানিয়েছেন, নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। আইন ভাঙলে কাউকে ছাড় দেওয়া হবে না। শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জুয়েল আহমেদ জানান, আজকের নির্বাচনে ১টি চেয়ারম্যান পদের বিপরীতে ৪ জন, ৯ জন সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে ৩৬ জন ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের বিপরীতে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। শৈলকুপা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৬৩২। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ১১৩ ও মহিলা ভোটার ১৪ হাজার ৫১৯ জন।
জুয়েল আহম্মেদ আরও জানান, প্রতিটি ভোট কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন কেন্দ্রে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, শহরে দুই প্লাটুন বিজিবি, ৪ শ পুলিশ সদস্য এবং ১৩৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে বুধবার রাতে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছেটে ভাই আওয়ামী লীগ কর্মী বল্টুকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় ২০ জন আসামি করে শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় বাপ্পি নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এদিকে, আজ ৬১ পৌরসভায় ভোট হওয়ার কথা থাকলেও একজন মেয়র প্রার্থীর মৃত্যুতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় ভোট বাতিল করেছে কমিশন। দ্বিতীয় ধাপে যে ৬০ পৌরসভায় ভোট হবে সেগুলো হলো- দিনাজপুরের সদর, বিরামপুর ও বীরগঞ্জ (ইভিএম)। কুড়িগ্রামের নাগেশ্বরী। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সদর। বগুড়ার শেরপুর, সারিয়াকান্দি (ইভিএম) ও সান্তাহার (ইভিএম)। নওগাঁর নজিপুর (ইভিএম)। রাজশাহীর কাঁকনহাট (ইভিএম), ভবানীগঞ্জ ও আড়ানী (ইভিএম)। নাটোরের নলডাঙ্গা (ইভিএম), গোপালপুর ও গুরুদাসপুর। সিরাজগঞ্জের সদর, উল্লাপাড়া, বেলকুচি, রায়গঞ্জ ও কাজীপুর (ইভিএম)। পাবনার ঈশ্বরদী, ফরিদপুর (ইভিএম), সাঁথিয়া ও ভাঙ্গুড়া। মেহেরপুরের গাংনী (ইভিএম)। কুষ্টিয়ার সদর, কুমারখালী (ইভিএম), ভেড়ামারা ও মিরপুর। ঝিনাইদহের শৈলকুপা (ইভিএম)। বাগেরহাটের মোংলা পোর্ট (ইভিএম)। মাগুরার সদর (ইভিএম)। পিরোজপুরের সদর (ইভিএম)। টাঙ্গাইলের ধনবাড়ী (ইভিএম)। ময়মনসিংহের ফুলবাড়িয়া (ইভিএম) ও মুক্তাগাছা। নেত্রকোনার মোহনগঞ্জ ও কেন্দুয়া (ইভিএম)। কিশোরগঞ্জের সদর ও কুলিয়ার চর (ইভিএম)। ঢাকার সাভার (ইভিএম)। নরসিংদীর মনোহরদি (ইভিএম)। নারায়ণগঞ্জের তারাব (ইভিএম)। ফরিদপুরের বোয়ালমারী। শরীয়তপুরের সদর (ইভিএম)। সুনামগঞ্জের সদর, ছাতক ও জগন্নাথপুর (ইভিএম)। মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া। হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ। কুমিল্লার চান্দিনা (ইভিএম)। ফেনীর দাগনভূঞা (ইভিএম)। নোয়াখালীর বসুরহাট (ইভিএম)। চট্টগ্রামের সন্দ্বীপ। খাগড়াছড়ি (ইভিএম)। বান্দরবানের লামা। গাজীপুরের শ্রীপুর (ইভিএম)। ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগে বৃহস্পতিবার মধ্যরাতে ভোটের প্রচার শেষ হয়েছে। প্রচারের শেষ মুহূর্তের কিছু ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ঝিনাইদহের শৈলকুপায় এক কাউন্সিলর প্রার্থীর ভাই খুনের মাত্র পাঁচ ঘণ্টা পর প্রতিপক্ষ প্রার্থী আলমগীর খান ওরফে বাবুর লাশ কুমার নদ থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে দুজন মারা যাওয়ায় এ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে আজ (১৬ জানুয়ারি) ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় ধাপের নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কনিউনিস্ট পার্টি-সিপিবি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, জাসদ, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি। মেয়র পদে দলীয় প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটের জন্য ভোটারের পাশাপাশি প্রস্তুত নৌকা, ধানের শীষ, লাঙ্গল প্রতীকসহ ৯ দল, স্বতন্ত্র মেয়র এবং সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা।
