ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি লটারিতে একই শিক্ষার্থীর নাম একাধিকবার
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি লটারিতে চান্স পেয়েছে এক বালক। বিষয়টি নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। আবার ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থীর নাম একাধিকবার আসায় অভিভাবকদের মধ্যে লটারি কার্যক্রমকে নিয়ে হচ্ছে না প্রকার আলোচনা-সমালোচনা।
জানা গেছে, গত সোমবার একযোগে দেশের সকল সরকারি বিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম করা হয়। এদিন বিকেল পাঁচটায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় অনলাইনে ও স্কুলের নোটিশ বোর্ডে। এই ফলাফলে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এক বালকের নাম এসেছে। এ নিয়ে শহরে সৃষ্টি হয়েছে হাস্যরসের। তবে সংশ্লিষ্টরা বলছেন, ফরম পূরণের সময় ভুল করায় এমন হতে পারে। বালককে বালিকা বিদ্যালয়ে ভর্তি করা হবে না।
অপর দিকে, চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের ফলাফলে দেখা গেছে একই ছাত্রের নাম একাধিকবার এসেছে। এই নামের সঙ্গে রেজিস্ট্রেশন নম্বর, ক্লাস, গ্রুপ ও শিফট্-এর সকল তথ্য হুবহু একই রকম। এ ঘটনায় অনলাইনে লটারির মাধ্যমে ফলাফল প্রকাশ নিয়ে অভিভাবকদের মধ্যে হচ্ছে আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠছে অনলাইনে লটারি কার্যক্রম নিয়ে। তবে এ ঘটনাতেও সংশ্লিষ্টরা বলছেন, কোনো কারণে নাম আসতে পারে। তবে একজন একবারই ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ও ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক্ষ বেলাল হোসেন বলেন, ‘যেকোনো কারণে একজনের নাম একাধিকবার আসতে পারে। তবে ভর্তির সময় ছাড়া আমরা প্রকৃত বিষয়টি বুঝতে পারছি না। ভর্তির সময় বোঝা যাবে এক ইউজার আইডি নিয়ে একজনের নাম একাধিকবার কি না। তা ড়াছা, একই নামের অনেকেই থাকতে পারে। যদি একজনের নাম একাধিকবার আসে, তাহলেও ভর্তি একবারই হতে পারবে।’
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে একটি বালকের নাম এসেছে, সেটি আমি শুনেছি। তাকে বাদ দিয়ে দেওয়া হবে। আর ভি জে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে একজনের নাম একাধিকবার আসলে ভর্তি একবারই হবে। আসন ফাঁকা থাকলে ওয়েটিং লিস্টে থাকা নাম থেকে পর্যায়ক্রমে ভর্তি করা হবে।’
