ছবির ক্যাপশন:
গাংনী পৌর নির্বাচন : দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় সিদ্ধান্তের বাইরে থেকে প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় আশরাফুল ইসলামকে যুবলীগ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ড চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে (সংবাদ সম্মেলনে) কেন্দ্রীয় যুবলীগের সিদ্ধান্তে আশরাফুল ইসলামকে অব্যহতি দেওয়া হয়। আশরাফুল ইসলাম মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ায় কেন্দ্রীয় যুবলীগের সিদ্ধান্তে তাঁকে অব্যহতি দেওয়া হয়। এমনটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করেন মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।
প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন। প্রেস ব্রিফিং আয়োজন পরিচালনা করেন গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ। এসময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের অন্যতম নেতা জাকিরুল ইসলাম জাকির, মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াসিম সাজ্জাদ লিখন, মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান উজ্জ্বল, মেহেরপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান অপু, সাজেদুর রহমান সাজু, গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম মিয়া, মেহেরপুর শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুজ্জামান সুইট, যুবলীগ নেতা আনোয়ার পাশা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিপ্লব হোসেন প্রমুখ।
উল্লেখ্য, মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে কেন্দ্রীয় সিদ্ধান্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পৌরসভার সাবেক মেয়র আহম্মেদ আলী। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে বর্তমান মেয়র আশরাফুল ইসলামও চেষ্টা করেছিলেন। এর আগে অর্থাৎ ২০১৫ সালে গাংনী পৌর নির্বাচনে আশরাফুল ইসলাম বিদ্রোহী প্রার্থী ছিলেন এবং বিদ্রোহী প্রার্থী থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ায় স্থানীয় মনোনয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত নেতারা তাঁর নাম বাদ দিয়ে ৮ জন মনোনয়ন প্রত্যাশীর নাম কেন্দ্রে প্রেরণ করেন। ৮ জনের মধ্যে থেকে আহম্মেদ আলীকে নৌকার টিকেট হাতে তুলে দেয়। এদিকে, আগামী ১৬ জানুয়ারি মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আশরাফুল ইসলাম ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আশরাফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে তাঁকে দল থেকে অব্যহতি দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। প্রেস ব্রিফিং শেষে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা চালানো হয়।
