ডাকাত সর্দ্দারসহ ৬ জন গ্রেপ্তার, স্বর্ণালঙ্কার উদ্ধার

আপলোড তারিখঃ 2020-12-30 ইং
ডাকাত সর্দ্দারসহ ৬ জন গ্রেপ্তার, স্বর্ণালঙ্কার উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সর্দ্দারসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতি হওয়া লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়েছে। গ্রেপ্তার হওয়া ডাকাতরা হচ্ছেন- জেলার কোটচাঁদপুর উপজেলার রুদ্রপুর গ্রামের ফেলু মণ্ডলের জামাতা সজিব (৩০), হরিণাকুণ্ডু উপজেলার পদ্মনগর গ্রামের আরিফুল ইসলামের ছেলে বাবুল হোসেন (২৩), সদর উপজেলার দক্ষিণ রামনগর গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে লিটন (৩৮), সদর উপজেলার বেড়াশুলা গ্রামের সায়েম মণ্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩০), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের মৃত রমজান মালিথার ছেলে তোরাপ (৫২) এবং সদর উপজেলার মহামায়া গ্রামের আজিবার রহমানের ছেলে ডাকাত সর্দ্দার কোরবান আলী (৪০)। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সর্দ্দারসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞ আদালতের কাছে ডাকাতরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন। পুলিশ জানায়, ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের দক্ষিণ রামনগর গ্রামে গত ৪ ডিসেম্বর রাতে প্রবাসী সাইদ হোসেনের বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দল বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭টি মোবাইল ফোন, স্বর্ণের তৈরি হাতের বালা, গলার চেইন, কানের দুল, আঙটিসহ নগদ কিছু টাকা লুণ্ঠন করে। এ ঘটনায় পরদিন ৫ ডিসেম্বর সাইদ হোসেনের স্ত্রী শাম্মী আক্তার বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। এরপর থেকে পুলিশ ডাকাত ধরতে মরিয়া হয়ে ওঠে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডাকাতদের শনাক্ত করতে সক্ষম হয়। প্রথমেই ডাকাত সর্দ্দার কোরবান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর স্বীকারোক্তি মোতাবেক পর্যায়ক্রমে ৬ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী লুণ্ঠিত হওয়া সকল মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ডাকাত সর্দ্দার কোরবান আলী ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফেরারি ছিলেন। পুলিশের সূত্রগুলো জানায়, এসব ডাকাত সদস্য বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রীর ছদ্মবেশে মানুষের বাড়িতে কাজ করতে গিয়ে খোঁজখবর নিয়ে রাতের বেলা ডাকাতি করতেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)