ছবির ক্যাপশন:
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু
গাংনী অফিস:
মেহেরপুরে মর্মান্তিক পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গৃহবধূ জেসমিন আক্তার (২৫) ও তার শিশুপুত্র ইমাম হোসেন (৪)। অপর দিকে, একই দিন দুপুরে সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় সজনি খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়।
নিহত গৃহবধূ জেসমিনের পারিবারিক সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার ভরাট গ্রামে পিতার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শিশুপুত্র ইমামকে সাথে নিয়ে তার ভাই মাসুদ হোসেনের মোটরসাইকেলযোগে স্বামীর বাড়িতে ফিরছিলেন। মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বামুন্দী পৌঁছালে একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সড়কের উপরে ছিটকে পড়েন জেসমিন ও তাঁর শিশুপুত্র ইমাম হোসেন। এসময় মেহেরপুরগামী বালু ভর্তি একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এদিকে, গতকাল দুপুরে সদর জেলা সদরের বলিয়ারপুর গ্রামের দিন মজুর সুজন আলীর শিশু কন্যা সজনী খেলার সময় বাড়ির পাশে রাস্তা হচ্ছিল। এসময় ব্যাটারিচালিত একটি ইজিবাইকের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ধারেই খেলা করছিল শিশু রজনী। একপর্যায়ে দৌঁড়ে রাস্তা পার হওয়ার সময় মহাজনপুর থেকে আসা একটি অটো গাড়ির বাম্পারে ধাক্কা খেয়ে পড়ে গেলে পিছনের চাকা তার গায়ের ওপর দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা চালকসহ ঘাতক অটো গাড়িটি আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বলিয়ারপুর পুলিশ ক্যাম্প টুআইসি এএসআই মনিরুজ্জামান চালক ও অটো গাড়িটি ক্যাম্প হেফাযতে নেন। অটোচালক লাল্টু মিয়া (৩৪) মুজিবনগর থানাধীন মহাজনপুর গ্রামের কলেজ পাড়ার মৃত মকিম উদ্দীনের ছেলে। পরে খবর পেয়ে মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু উপস্থিত হয়ে বলিয়ারপুর ৮ নম্বর ওয়ার্ড সদস্য আনারুল ইসলাম, তৌহিদুল ইসলাম মাস্টার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আপস-মীমাংসায় বিষয়টি নিষ্পত্তি হয়।
