ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় অবৈধভাবে ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রির অভিযোগ
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় অবৈধভাবে ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রির অপরাধে ডালিম বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবির। মাটি বিক্রেতা ডালিম বিশ্বাস চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের ওমর বিশ্বাসের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের নলডাঙ্গা মাঠে সরকারি নির্দেশনা উপেক্ষা করে জমির মালিক কয়রাডাঙ্গা গ্রামের ডালিম বিশ্বাস অবৈধভাবে মাটি উত্তোলন করে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিলেন। যার ফলে ওই জমির পাশ্ববর্তী ফসলি জমিগুলো হুমকির মুখে ছিল। একাধিক কৃষকের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে গতকাল রোববার বহুল প্রচলিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় ‘ফসলি জমি নষ্ট করে মাটি বিক্রির মহোৎসব’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পত্রিকা পাঠের মাধ্যমে মাটি কাটার বিষয়টি সম্পর্কে অবগত হয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকতা মো. লিটন আলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবিরকে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গতকাল বেলা দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ায় জমির মালিক মাটি বিক্রেতা ডালিমকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের ৪ ধারা ভঙ্গের দায়ে ১৫ ধারা মোতাবেক এক লাখ টাকা জরিমানা করেন এবং বিনা অনুমতিতে ওই জমি থেকে মাটি উত্তোলনে নিষেধাঙ্গা জারি করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবুছালে, ফারুক হোসেন এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত ছিলেন গোকুলখালি পুলিশ ক্যাম্পের একটি চৌকস টিম।
