দেশে ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৩১৮

আপলোড তারিখঃ 2020-12-19 ইং
দেশে ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৩১৮ ছবির ক্যাপশন:
২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন একজন করোনায় আক্রান্ত, সুস্থ ৩ সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩১৮ জন রোগী শনাক্ত হয়েছেন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৯৮ হাজার ২২৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ২১৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ১৯ শতাংশ। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার। দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। একপর্যায়ে দৈনিক রোগী শনাক্তের হার ১০ শতাংশ পর্যন্ত নেমেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে দৈনিক নতুন রোগী শনাক্তের গড় দুই হাজার ছাড়ায়। অবশ্য কয়েক দিন ধরে নতুন রোগী শনাক্তের হার আবার ১০ শতাংশের নিচে চলে এসেছে। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বাইরে বের হলে মুখে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন আরও একজন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬২৯ জন। গতকাল শুক্রবার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে নতুন ৩জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫১৬ জন। জানা যায়, গত বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ২৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গতকাল উক্ত নমুনার মধ্যে ২৬টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ১টি নমুনার ফলাফল পজেটিভ ও বাকী ২৫টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল করোনা পরীক্ষার জন্য জেলা স্বাস্থ্যবিভাগ কোন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেনি। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ২২৭টি, প্রাপ্ত ফলাফল ৭ হাজার ১৫টি, পজিটিভ ১ হাজার ৬২৯টি, নেগেটিভ ৫ হাজার ৬০২টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ৪২ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৮ জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪৩ জন। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)