হেমন্তের শীতল বাতাসে নির্বাচনী উত্তাপ!

আপলোড তারিখঃ 2020-12-14 ইং
হেমন্তের শীতল বাতাসে নির্বাচনী উত্তাপ! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর নির্বাচন : নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা মেয়র-কাউন্সিলর প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় মুখরিত পৌর এলাকা হুসাইন মালিক: হেমন্তের শীতল বাতাসে চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে শহরের পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। ইতোমধ্যে মেয়র-কাউন্সিলর প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পৌর এলাকা। চায়ের আড্ডায় প্রার্থীর দোষ-গুণ নিয়ে বিশ্লেষণ করছেন সাধারণ ভোটাররা। পছন্দের প্রার্থী নিয়ে একে অপরের সঙ্গে মাঝে-মধ্যে কড়া আলোচনা-সমালোচনাও করছেন। আবার প্রার্থীরা পাড়া-মহল্লায় গিয়ে উঠান বৈঠক, চা-চক্র ও কুশলাদি বিনিময়সহ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভোট প্রার্থনা করছেন। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও নানা পোস্ট করে ভোট প্রার্থনা করছেন তাঁরা। প্রার্থীরা চুয়াডাঙ্গাকে আধুনিক পৌরসভা হিসেবে সকল নাগরিক-সুবিধা নিশ্চিতসহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবারও পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। আওয়ামী লীগ, বিএনপিসহ চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র পদে লড়ছেন সাতজন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকন ও বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী সিরাজুল ইসাম মনি ভোটযুদ্ধে জোর প্রচারণায় মাঠে নেমেছেন। তাঁরা দুজনই বর্তমানে কাউন্সিলর। সাধারণ ভোটাররা মনে করছেন, একাধিক প্রার্থী থাকলেও মূল লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যে। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে দুজনেই ভোট প্রার্থনায় চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকায়। সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন ছুটছেন ভোটারদের কাছে। জানা গেছে, এবারে চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকন (নৌকা) ও বিএনপির প্রার্থী সিরাজুল ইসলাম মনি (ধানের শীষ)। আরও রয়েছেন- ইসলামী আন্দোলনের তুষার ইমরান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মজিবুল হক মালিক মজু (মোবাইল ফোন), স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ মাসরিকী (কম্পিউটার), স্বতন্ত্র প্রার্থী অ্যাড. মনিবুল হাসান পলাশ (নারিকেল গাছ) ও স্বতন্ত্র প্রার্থী অ্যাড. সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ (জগ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ ওয়ার্ডের বিপরীতে ৬৪ জন কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ১৩ জন নারী কাউন্সিলর প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকন জানান, ‘দীর্ঘ ৩৩ বছর কাউন্সিলর হিসেবে এলাকার মানুষের সুখ-দুঃখে ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আওয়ামী লীগ থেকে দলীয়ভাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সে কারণে পৌরবাসী আমাকে মেয়র হিসেবে দেখতে চায়।’ বিএনপি মনোনিত প্রার্থী সিরাজুল ইসলাম মনি জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আগামী ২৮ ডিম্বেবর নির্বাচনে আমার বিজয় সুনিশ্চিত। এ জন্য আমি মনে করি এখন থেকে সিরাজুল ইসলাম মনির চেয়ে দলের সবাইকে ধানের শীষ প্রতীকের বিজয় ছিনিয়ে আনতে কাজ করতে হবে। উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৭ হাজার ৭৭৪ জন। যার মধ্যে পুরুষ ৩২ হাজার ৮০৪ জন ও নারী ৩৪ হাজার ৯৭০ জন। ভোট কেন্দ্র ৩৩টি। এবার প্রথম ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)