যেকোনো মূল্যে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা হবে

আপলোড তারিখঃ 2020-12-14 ইং
যেকোনো মূল্যে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ডিসেম্বর মাসের আইনশৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম সরকার বলেন, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে যেকোনো মূল্যে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা হবে। পৌর নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নির্বাচনী আচরণবিধির খেয়াল রাখবেন। মাইকিংয়ের ক্ষেত্রে বিধি-বিধান অনুযায়ী নির্দিষ্ট সময় থেকে নির্ধারিত সময় পর্যন্তই মাইকিং করা যাবে। তিনি বলেন, ‘আমরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাচ্ছি। কেউ যদি নারীর প্রতি সহিংসতা করে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।’ সভার একপর্যায়ে ইজিবাইকের বিষয় উঠলে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার কঠোর হুঁশিয়ারী দিয়ে বলেন, ইজিবাইক অবৈধ যান। মহাসড়কে উঠতে দেওয়া হবে না। নির্ধারিত রং অনুযায়ী স স উপজেলার মধ্যে চলাচল করবে। শুধুমাত্র রোগী বহনের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে, তাছাড়া এক উপজেলার গাড়ি অন্য উপজেলায় চললে ব্যবস্থা নেওয়া হবে। পাখিভ্যান, লাটাহাম্বার যদি উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জনপ্রতিনিধিরা নিজের নিজের এলাকার মধ্যে চলতে না দেয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এগুলোর বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা আছে। আর আস্তে আস্তে এসব যান চলতেই দেওয়া হবে না। আর যারা রাস্তার ওপরে বালি, ইট বা ‘স’ মিলের কাঠ রাখেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাস্তা দখল করে ব্যবসা করা যাবে না।’ বাল্যবিবাহের প্রসঙ্গে কথা উঠলে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, করোনার মধ্যে বেশ কয়েকটা বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। কাজিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হয়েছে। কোনো কাজি নিজ এলাকার বাইরে গিয়ে বিয়ে পড়াতে পারবেন না। যদি এমন খবর পাওয়া যায়, তাহলে কাজির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিয়ের দুই বছর পরেও বাল্যবিবাহের সাজা দেওয়া যায়। যদি এমন প্রমাণ পাওয়া যায়, তাহলে কিন্তু শাস্তি দেওয়া হবে। কোনোভাবেই বাল্যবিবাহের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের উদ্দেশ্যে বলেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। মাদক বন্ধে অভিযানের পরিমাণ আরও বাড়াতে হবে। ভাস্কর্য ইস্যুতে তিনি বলেন, যারা ভাস্কর্য ভেঙেছে, তারা জঘন্যতম অপরাধ করেছে। যেখানে যেখানে ভাস্কর্য আছে, সেখানে সেখানে নজরদারি বাড়াতে হবে। সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। সভার শুরতে গত সভার কার্যবিরণী পাঠ করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন। সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, সাংবাদিক শাহ আলম সনিসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)